পুরোনো কর্মীকে মুকেশ আম্বানির ২২ তলা বাড়ি উপহার

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৬:১০

এশিয়ার অন্যতম ধনকুবের ভারতের মুকেশ আম্বানি । সম্প্রতি বিশ্বস্ত পুরোনো এক কর্মীকে একটি বাড়ি উপহার দিয়েছেন তিনি। বাড়িটির দাম ভারতীয় মুদ্রায় দেড় হাজার কোটি রুপি। খবর লাইভ মিন্ট। 

প্রতিবেদনে বলা হয়েছে, ওই কর্মীর নাম মনোজ মোদি। তিনি রিলায়েন্স জিও ও রিটেলের পরিচালক। মুকেশ আম্বানির দীর্ঘদিনের সঙ্গী তিনি। তাকে আম্বানির ডান হাতও বলা হয়। 

অনেকের ধারণা, কয়েক দশকে রিলায়েন্স গ্রুপের আকাশছোঁয়া সাফল্যের পেছনে আছে মনোজ মোদির নানা ভাবনা। মনোজের কাজে খুশি হয়ে বিলাসবহুল ২২ তলা ভবনের একটি অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন মুকেশ। মহারাষ্ট্রের রাজধানী ‍মুম্বাইয়ের নেপিয়ান সি রোডে ভবনটি অবস্থিত।

মাসখানেক আগে মনোজকে বাড়িটি উপহার দেন আম্বানি। বহুতল ওই প্রাসাদের নাম ‘বৃন্দাবন’।

২২ তলা প্রাসাদের প্রথম ৮ তলা পার্কিংয়ের জন্য নির্ধারিত। এছাড়াও মুকেশ, বহুমূল্য ইতালিয়ান ফার্নিচারে সাজিয়ে দিয়েছেন পুরো বাড়ি।

রিলায়েন্স জিও ও রিটেলের পরিচালক মনোজ মোদির আগে থেকেই দুটি ফ্ল্যাট রয়েছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের মহালক্ষ্মী এলাকায়, যার মূল্য ৪১৫ কোটি রুপি। সঙ্গে এবার যোগ হলো মালিকের দেওয়া দেড় হাজার কোটির সম্পত্তি।

রিলায়েন্সের বিলিয়ন ডলারের চুক্তির পেছনে আছেন মনোজ মোদি।  মনোজ মোদি হলেন মুকেশ আম্বানির সহপাঠী। মুম্বাই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একসঙ্গে পড়াশোনা করেছেন। গত শতাব্দীর আটের দশকের শুরুতে রিলায়েন্সে যোগ দেন মনোজ। সেই সময় রিলায়েন্স গ্রুপের নেতৃত্বে ছিলেন মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি।

ইত্তেফাক/এফএস