ফুলবাড়ী ও সৈয়দপুর রেল স্টেশনে ভিড়

ধান কাটতে দক্ষিণের বিভিন্ন জেলায় যাচ্ছে কৃষিশ্রমিক

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০১:৩০

দিনাজপুরের ফুলবাড়ী ও নীলফামারীর সৈয়দপুরের কৃষিশ্রমিকরা ধান কাটতে দক্ষিণের বিভিন্ন জেলায় যাচ্ছেন। এসব এলাকার বোরো ধান পাকতে আরও অন্তত ১৫ থেকে ২০ দিন লেগে যাবে। এ সময় স্থানীয় কৃষিশ্রমিকরা বাড়িতে বেকার বসে না থেকে দলে দলে ছুটছেন দক্ষিণের জেলাগুলোতে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।

ফুলবাড়ী (দিনাজপুর): গতকাল বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী রেল স্টেশনে কথা হয় বগুড়ার সান্তাহার এলাকায় ধান কাটতে যাওয়ার জন্য রকেট (খুলনা) মেইল ট্রেন ধরার জন্য প্লাটফরমে অবস্থান করা একদল শ্রমিকের সঙ্গে। দশ জনের একটি ধানকাটা শ্রমিক দলের সর্দার খয়েরপুকুর এলাকার কৃষিশ্রমিক মোসলেম উদ্দিন বলেন, ফুলবাড়ী ও পার্বতীপুরসহ আশপাশের উপজেলাগুলোতে বোরো ধান পাকতে এখনো অন্তত ১৫ থেকে ২০ দিন লেগে যাবে। বাড়িতে বসে না থেকে দক্ষিণের যেসব এলাকায় ধান পেকে গেছে সেসব এলাকায় ধান কাটতে যাওয়ার জন্য স্টেশনে ট্রেনের অপেক্ষা করছেন।

কৃষিশ্রমিক আফজাল হোসেন ও তোজাম্মেল হক বলেন, প্রথম পর্যায়ে কৃষিশ্রমিক দলটি সান্তাহার যাবেন। তারপর সেখান থেকে ঠিক করবেন ধান কাটার কাজ কোন এলাকায় বেশি এবং কাজ পাওয়া যাবে। সান্তাহার থেকে নওগাঁ ও নাটোর জেলার বিভিন্ন এলাকায় তারা ধান কাটবেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যেই ফুলবাড়ী উপজেলাসহ আশপাশের উপজেলা থেকে দক্ষিণের বিভিন্ন জেলা ও উপজেলায় ধান কাটতে তিন শতাধিক কৃষিশ্রমিক গেছেন। ১০ থেকে ১৫ জনের এক-একটি দল হিসেবে গেছেন কৃষিশ্রমিকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, ফুলবাড়ী এলাকার বোরো ধান পুরোপুরি পাকতে অন্তত ১৫ থেকে ২০ দিন লেগে যাবে। স্থানীয়ভাবে ধান কাটা শুরু হলে সব শ্রমিকই এলাকায় ফিরে আসবেন।

সৈয়দপুর (নীলফামারী): ধানকাটা শ্রমিকের সর্দার রমিজ আলম (৫৬)। তার সঙ্গে আরও ১০/১২ জন ধানকাটা শ্রমিক। তারা যাচ্ছেন ধান কাটার জন্য জয়পুরহাটের আক্কেলপুরে। নীলফামারীর সৈয়দপুর স্টেশনে সবাই অপেক্ষা করছেন খুলনা মেইল ট্রেন ধরার জন্য। দলনেতা রমিজ আলম জানান, প্রতি বছর আগাম ধান কাটার জন্য দল বেঁধে সেখানে যান তারা। এবারও সেখানকার পরিচিত কৃষকরা মোবাইল করেছেন তাই দলবেঁধে যাচ্ছেন।

সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসে বগুড়া যাচ্ছেন একদল ধানকাটা শ্রমিক। চটের ব্যাগে ব্যবহারিক কাপড়, কাস্তে, দড়ি ও ভার বহনের বাংকুয়া ঘাড়ে নিয়ে যাচ্ছেন ধান কাটতে। এই দলে আছেন ১০ জনের মতো। দলনেতা আফাজ উদ্দিন (৫০) জানান, তারা এসেছেন পার্শ্ববর্তী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়ন থেকে। দলবেঁধে ধান কাটতে যাচ্ছেন বগুড়া জেলার আদমদিঘিতে।

ইত্তেফাক/এমএএম