খাদ্য উত্পাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিতরণ, সরবরাহ ও বিক্রয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে যৌথভাবে কাজ করতে হবে।
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘সবার জন্য নিরাপদ খাদ্য: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফুড সেফটি ফাউন্ডেশন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। বক্তারা বলেন, নিরাপদ পুষ্টিকর খাদ্যে বিনিয়োগে রিটার্ন বেশি। তাই পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতেই হবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএসটিআইয়ের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক ড. মনিরুল ইসলাম প্রমুখ।
