রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজার এলাকায় গ্যাসলাইনের ‘লিকেজ’ থেকে বিস্ফোরণ-আগুনে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। সোমবার (১ মে) সকালে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মেহেদি হাসান (২৫), মো. সোহেল (৪৮), আলী হোসেন (৫২), রাশেদ মিয়া (৩২), সাহারা বেগম (৬৫), মিজানুর রহমান (৩২), আবদুর রহিম (৫০), তার মেয়ে মিম আক্তার (২১) ও মিমের ছেলে মো. আলিফ (২)। মেহেদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘বিস্ফোরণ-আগুনে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।’
তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. আল আমিন বলেন, ‘ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু কর্মচারী সেখানে কাজ করছিলেন। এসময় তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর, তিতাসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং পাইপলাইন মেরামতের কাজ করছেন।’
