অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফল অর্জন করে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয়জন শিক্ষার্থী। গত রবিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়।
স্বর্ণপদকের জন্য মনোনীত জাবি শিক্ষার্থীরা হলেন- কলা ও মানবিক অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মৌসুমী আক্তার, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগের বিউটি আক্তার, সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের মারুফাতুন নাহার, জীববিজ্ঞান অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের মুমতারিন জান্নাত ঐশী, বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের রাবেয়া জান্নাত এবং আইন অনুষদভুক্ত আইন ও বিচার বিভাগের লিমা আক্তার।
এদিকে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। তিনি বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ছয়জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছে, এটি অত্যন্ত আনন্দের খবর। বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের মধ্যে যারা নিজ অনুষদে সর্বোচ্চ ফলাফল করেছে, তারা এ পদকের জন্য মনোনীত হয়েছে। এ পদক প্রাপ্তির ফলে শিক্ষার্থীরা আরও বেশি উৎসাহিত হবে।’
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে। এ বছর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১৭৮ জন শিক্ষার্থীকে ২০১৯ সালে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে।
