বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে এই অজয় বাঙ্গা?

আপডেট : ০৪ মে ২০২৩, ১৬:৫৭

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা। মাস্টারকার্ডের সাবেক সিইও ভারতীয়-মার্কিনি অজয় বাঙ্গাকে পাঁচ বছর মেয়াদে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচন করেছে ব্যাংকটির ২৫ সদস্যের নির্বাহী বোর্ড। ২ জুন থেকে তার কার্যকাল শুরু হচ্ছে বলে জানিয়েছে ব্যাংকটি।

এর আগের সপ্তাহেই বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে মেয়াদ শেষের এক বছর আগেই পদত্যাগের ঘোষণা দেন ডেভিড ম্যালপাস। তার পদত্যাগের ঘোষণার পরই শুরু হয়েছিল অজয় বাঙ্গার মনোনয়ন প্রক্রিয়া।

গত সোমবার বিশ্ব ব্যাংক বোর্ড সদস্যরা চার ঘণ্টা ধরে বাঙ্গার সাক্ষাৎকার নেওয়ার পর তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছে। বোর্ড সদস্যদের ২৪ জনই তার পক্ষে ভোট দিয়েছে। কেবল রাশিয়া ভোটদানে বিরত ছিল। বাঙ্গার পূর্বসূরি ম্যালপাসের শেষ কার্যদিবস ১ জুন।

বিশ্ব ব্যাংক নির্বাহী বোর্ড বাঙ্গাকে নির্বাচিত করার পরই লিখিত বিবৃতিতে তার নাম পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। বলা হয়েছে, “বিশ্ব ব্যাংক এ মুহূর্তে বিবর্তনের মুখে দাঁড়িয়ে। এ সময় বাঙ্গার সঙ্গে কাজ করার জন্য অধীর অপেক্ষায় আছে বোর্ড।”

কে এই অজয় বাঙ্গা?

তিনি প্রথম ভারতীয়-আমেরিকান এবং শিখ আমেরিকান হিসেবে বিশ্ব ব্যাকের শীর্ষপদে বসতে চলেছেন। ভারতে মহারাষ্ট্রের পুণেতে ১৯৫৯ সালে শিখ পরিবারে জন্মগ্রহণ করেন বাঙ্গা। দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করার পর আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করেন।

ভারতের নেসলেতে চাকরিজীবন শুরু করেছিলেন বাঙ্গা। কলকাতাতেও ছিলেন। তারপর সিটিগ্রুপের হয়ে ভারত এবং মালয়েশিয়ায় কাজ করেছিলেন তিনি।

ভারতে বড় হয়েছেন বাঙ্গা। তবে ২০০৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েছেন। জেনারেল আটলান্টিকের ভাইস-চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। পার্টনারশিপ অফ সেন্ট্রাল আমেরিকার সহ-চেয়ারম্যানও থেকেছেন তিনি। উত্তর-মধ্য আমেরিকায় মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে কাজ করেছেন।

১২ বছর মাস্টারকার্ডের শীর্ষপদে ছিলেন বাঙ্গা। ২০২১ সালের ডিসেম্বরে অবসরগ্রহণ করেন। ২০২৫ সালের মধ্যে ১০০ কোটি মানুষ এবং ৫০ কোটি ক্ষুদ্র অর্থনীতি ও ছোট ব্যবসাকে ডিজিটাল অর্থনীতির আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন মাস্টারকার্ডের প্রাক্তন সিইও বাঙ্গা।

ইত্তেফাক/এফএস