আইডিয়া অব ফানি ব্রেন টিউমার

আপডেট : ২২ জুন ২০১৯, ১৮:২৯

বিশ্বজিত্ দাস

 

পরিচালক লাফ দিয়ে উঠলেন।           ‘আপনি তো মিয়া ফাটায় দিছেন!’         স্ক্রিপ্ট রাইটার হাসলেন।

‘এ আর এমন কী!’

‘আপনি তো ইয়ে যাকে বলে বিপ্লব ঘটায় দিছেন! বুঝছেন?’

‘কোনটা! বুঝতে পারছি না।’

‘আরে ওই যে নায়কের ব্রেন টিউমারের বিষয়টা। উফ! ফ্যানটাসটিক!!’

‘ব্রেন টিউমার নিয়ে হিন্দিতে অনেক ছবি নির্মিত হয়েছে,’ রাইটার বললেন। পরিচালকের বোকা বোকা কথায় তিনি মনে মনে বিরক্ত হচ্ছেন।

‘আরে সেটা তো জানি। সেসব ছবিতে তো নায়ক ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে তার ব্রেন টিউমার হয়েছে। আর আপনার নাটকে নায়ক নিজের বিয়ের আসরে ডিজে পার্টিতে নাচতে নাচতে টের পেল তার ব্রেন টিউমার হয়েছে। হোয়াট আ আইডিয়া অব ফানি ব্রেন টিউমার!’

পরিচালক উত্তেজিত হয়ে বসার সিট ছেড়ে পায়চারী করতে লাগলেন।

‘আসলে আমি না, প্রযোজকের জন্যই এমন হয়েছে। আমি ডাক্তারের সিন রেখেছিলাম। প্রযোজক বললেন, জ্যাম ঠেলে হাসপাতালে যেতে পারবেন না। তার প্রযোজিত অন্য নাটকের শুটিং চলছিল একই প্রোডাকশন হাউসে। বিয়ের সিন চলছিল। নায়ক-নায়িকাও একই। তখন প্রযোজকই বললেন, বিয়ের নাচ নাচতে নাচতে নায়ক ব্রেন টিউমারের বিষয়টি যেন বুঝতে পারে, এমন সিন লিখতে।’

‘আর অমনি আপনি সেটা লিখে ফেললেন! দারুণ! একেই বলে প্রতিভা! বুঝলেন। নাহলে নাটকের নাম ‘দি এন্ড’ না রেখে ‘দি শেষ’ রাখবেন কেন!’

‘আমি ‘দি এন্ড’ই রেখেছিলাম,’ রাইটার হালকা গলায় বলেন।

‘তাহলে? ‘দি শেষ’ রাখলেন কেন?’

‘ওটাও আমি রাখিনি। প্রযোজক রেখেছেন। এই ঈদে জিতের কলকাতার মুভি ‘শেষ থেকে শুরু’ আমদানির কথা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাই দেখে প্রযোজকই নাটকের নাম ‘দি শেষ’ রেখেছেন।’

‘শেষ থেকে শুরু! বাহ! ঠিকই তো। এই তো সবে শুরু। এরপর সবাই ব্রেন টিউমার নিয়ে সিনেমা বানাবে, গান লিখবে, উপন্যাস রচনা করবে। আরো কত কী যে করবে! ভাবছি একটা কাজ করলে কেমন হয়?’ পরিচালক টেবিল থাপড়ে বললেন।

‘কী কাজ?’

‘পেটেন্ট করে রাখি।’

‘পেটেন্ট করে রাখবেন। এই নাটক তো আমি বেশ কয়েকটা হিন্দি ছবি দেখে দেখে লিখেছি,’ নাট্যকার বললেন।

‘আরে সেটা কোনো ব্যাপার না। নতুন বোতলে পুরোনো মদ তো চলেই সবসময়। কিন্তু আমার এই পেটেন্টের আইডিয়া যদি কার্যকর করি, বিশ্বাস করুন, আপনি আমি দুজনেই মালামাল হয়ে যাব।’

‘কী পেটেন্ট করতে চাইছেন?’

‘বেশি কিছু না, মাত্র দুটো শব্দ।’

‘দুটো শব্দ!’

‘হ্যাঁ।’

‘কী সেটা?’

‘ব্রেন টিউমার!’