স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের দলগুলোকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে অংশ নিতে হবে: আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ০৭ মে ২০২৩, ০২:২২

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমাদের দেশে এ বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন আসলে সবাই খুশি হয়। আমাদের দেশেও জাতীয় নির্বাচন নিকটবর্তী হওয়ায় রাজনৈতিক অঙ্গনে উত্সাহ-উদ্দীপনা আর উত্তেজনা বাড়ে। এই উত্তেজনা প্রশমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ তৎপর থাকতে হয়।

তিনি গতকাল শনিবার পিরোজপুরের কাউখালী উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে আরো বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেব। যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে জোটবদ্ধভাবে আমাদেরকে নির্বাচন করতে হবে। তার জন্য স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের দলগুলোকে ঐক্যবদ্ধ থেকে এ নির্বাচনে অংশ নিতে হবে। ১৪ বছর ধরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এভাবেই সম্পন্ন হচ্ছে। তাই দেশের মধ্যে এই ঐক্যের রাজনীতি বজায় রাখা সকলের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাশাপাশি নির্বাচন ব্যবস্থাকে মজবুত করার কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, সরকার পরিবর্তনের  সাংবিধানিক পথ হচ্ছে নির্বাচন। নতুন প্রজন্মকে গণতন্ত্র, স্বাধীনতা ও বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করে যেতে হবে।  

তিনি আরো বলেন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও আমলারা সমন্বিতভাবে দেশ চালান। এ ক্ষেত্রে সবার গুরুত্ব সমান। একে অপরের সম্পূরক। তবে এখানে আমলাদের ভূমিকা বিশেষভাবে প্রণিধানযোগ্য। তারা সরকার পরিচালনার মূল কেন্দ্রে অবস্থান করে সাচিবিক দায়িত্ব পালন করে থাকেন। দেশ-বিদেশে নানা চুক্তি কার্য পরিকল্পনা তথা সরকারি কাজের নানা নীতি তাদের দ্বারা প্রণীত হয় বলেই আমরা তাদের প্রাধান্য দিয়ে থাকি। এ জন্য আমলাদের সঙ্গে ভালো ব্যবহার করা সমীচীন। ১৮/১৯ বছর দেশের সরকার পরিচালনার কেন্দ্রবিন্দু সচিবালয়ে অবস্থান করার অভিজ্ঞতা থেকে এ কথা বলতে চাই যে, রাষ্ট্র পরিচালনায় আমলারা যে অবদান রাখেন তাকে মূল্যায়ন করতে হয়।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দীর্ঘ ৩৮ বছর ধরে এলাকার উন্নয়নে যে সংশ্লিষ্ট রয়েছি তার অভিজ্ঞতা কম নয়। আগে যে সমস্ত জনপ্রতিনিধি চেয়ারম্যান-মেম্বারদের দেখেছি তাদের তুলনায় বর্তমানের স্থানীয় জনপ্রতিনিধিদের দূরদর্শিতা অনেক বেশি। তারা যুগোপযোগী ও জনবান্ধব। এই জন্য স্থানীয় পর্যায়ে উন্নয়নকাজও ভালো হয়। এ শিক্ষিত জনপ্রতিনিধিদের স্বীকৃতিদান ও প্রশংসা করতে হবে। আজকে আল্লাহর ইচ্ছায় পিরোজপুরের কঁচানদীর তীরে পাঙ্গাশিয়ায় যে বেড়িবাঁধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো তা পূর্ববর্তী কাজের ধারাবাহিকতা। এই এলাকার মানুষকে জলোচ্ছ্বাস ও নদীভাঙনের হাত থেকে বাঁচাতে এই বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। আগামী দিনে আরো উন্নত বেড়িবাঁধ হবে। এ প্রেক্ষিতে বলতে চাই কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানীর মানুষ সবাই এক থাকলে এ উন্নয়নকাজ আগামী দিনেও হবে। তবে উন্নয়ন প্রশ্নে কোনো রাজনীতির বিভেদ থাকা বাঞ্ছনীয় নয়। ৩৮ বছর আগে প্রথম যখন কাউখালীতে আসি তখন দেখতাম এখানকার মানুষ তুলনামূলক অনেক ভদ্র, অনেক সংস্কৃতিবান। এ অবস্থা যাতে অক্ষুণ্ন থাকে তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল বিকালে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে কঁচানদীর তীরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেড়িবাঁধ পুনরাকৃতিকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি ছাড়াও কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু ও স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার এখানে বক্তব্য রাখেন। সম্প্রতি পাঙ্গাশিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে আনোয়ার হোসেন মঞ্জু এমপি নগদ অর্থ বিতরণ করেন।    

গতকাল সন্ধ্যায় কাউখালী উপজেলার সুবিধাবঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের চেক-টাকা বিতরণ করা হয়। কাউখালী উপজেলা পরিষদে এসব বিতরণ করেন আনোয়ার হোসেন মঞ্জু এমপি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক কাজী রোকনুজ্জামান বশির, সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, কাউখালী থানার ওসি মো. জাকারিয়া, আওয়ামী লীগের উপজেলা সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস সহিদ, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহসভাপতি সুনিল কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদী রেবেকা চৈতী, যুবলীগের উপজেলা আহ্বায়ক অধ্যক্ষ অলক কর্মকার, উপজেলা জেপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাফুজ পায়েল প্রমুখ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যানদের মধ্যে শিয়ালকাঠির সিকদার দেলোয়ার হোসেন, সদরের মোস্তাফিজুর রহমান ও চিড়াপাড়া-পারসাতুরিয়ার লাইকুজ্জামান তালুকদার মিন্টু উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি রাতে কাউখালীতে মঞ্জু সেনা কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। রাজু আহমেদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেপির প্রেসিডিয়াম সদস্য ও ভাণ্ডারিয়ার উপজেলার সাবেক চেয়ারম্যান মাহিবুর হোসেন মাহিম, কাউখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপির সভাপতি আবু সাঈদ মিয়া মনু, আওয়ামী লীগের উপজেলা সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস সহিদ, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, জেপির উপজেলা সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান জুয়েল ও যুগ্ম সম্পাদক খান মো. বাচ্চু। মঞ্জু সেনার আহ্বায়ক রাজু আহমেদের সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জেপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, যুব সংহতির উপজেলা সভাপতি নূরুজ্জামান মনু, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম কাইয়ূম শেখ প্রমুখ। 

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল শনিবার কাউখালী উপজেলা সফরকালে তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভাণ্ডারিয়া উপজেলা জেপির সহসভাপতি ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, জাতীয় পার্টি-জেপির মহিলা পার্টির ভাণ্ডারিয়া উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, মহিলা পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসিনা বেগম, সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল আলম খোকন সিকদার, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সভাপতি মো. রেজা আহম্মেদ দুলাল, ভাণ্ডারিয়া উপজেলা যুবসংহতির আহ্বায়ক মো. রেজাউল হক রেজভি জোমাদ্দার, ভাণ্ডারিয়া উপজেলা যুব সংহতির সদস্যসচিব মামুনুর রশীদ, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, ভাণ্ডারিয়া পৌর ছাত্রসমাজের আহ্বায়ক মাহাবুব শরীফ শুভ প্রমুখ।

ইত্তেফাক/ইআ