‘ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে’

খুলনা মহানগর কাউন্সিলে জাকের পার্টির মহাসচিব

আপডেট : ০৭ মে ২০২৩, ১৩:৩১

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে। জাতি ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীরা হাত গুটিয়ে নিতে বাধ্য হবে।

আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জাকের পার্টির মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে শনিবার ( ৬মে) দুপুরে  খুলনা মহানগর জাকের পার্টি আয়োজিতে কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত কাউন্সিলে সভাপতিত্ব করেন খুলনা মহানগর জাকের পার্টি সভাপতি কে এম ইদ্রিস আলী বিল্টু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল ও মমিন মোল্লা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা মহানগর সহ সভাপতি খান আরিফুর রহমান। স্বাগত বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ।

শামীম হায়দার বলেন, 'জাকের পার্টি জণগনের দল। আজকের এই দল ক্ষুদ্র থেকে বৃহৎ হওয়ার পেছনে রয়েছে সংগ্রামের ইতিহাস। তৃণমূল থেকে উঠে আসা এই দলটির বাস্তবতাও অনেক কঠিন। ৩৪ বছরের অগ্রযাত্রায় এই দল কাউন্সিলের মাধ্যমে জানান দিচ্ছে, জাকের পার্টির পরিধি ব্যাপকতর  হচ্ছে।

কাউন্সিলের শেষ পর্যায়ে খুলনা বিভাগের জেলা থেকে আমন্ত্রিত নেতাদের মধ্যে বক্তব্য দেন খুলনা জেলা জাকের পার্টি  সভাপতি শেখ আনসার আলী, যশোর জেলা সভাপতি হাজী মহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা সভাপতি ইসাহক বিশ্বাস, বাগেরহাট জেলা সভাপতি রেজাউল করিম এবং সাতক্ষীরা জেলা জাকের পার্টি সভাপতি শেখ মর্তুজা আল মামুন।

ইত্তেফাক/এসসি