এশিয়ান গেমস ফুটবল

জামালদের জন্য দুয়ার বন্ধ হয়নি

আপডেট : ০৮ মে ২০২৩, ১১:৪১

এশিয়ান গেমস ফুটবলে অংশগ্রহণের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। জামাল ভূঁইয়াদের জন্য এখনো সুযোগ রয়েছে। বিওএর সহসভাপতি বশির আল মামুন জানিয়েছেন তার সঙ্গে বিওএর সভাপতির সঙ্গে যতটুকু কথা হয়েছে তাতে এশিয়ান গেমস ফুটবলে পুরুষ দলকে পাঠানোর ব্যাপারে অগ্রগতি রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও পুনরায় আলোচনা করে কিছু করা যায় কি না, সেটা ভাবনায় আনা হয়েছে। অন্যদিকে গতকাল বিকালে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও জানিয়েছেন তার সঙ্গে বিওএর সভাপতির সঙ্গে কথা হয়েছে। 

নাবিল বলেন, ‘আমি কাল (শনিবার) সন্ধ্যায় আবার বিওর সভাপতির সঙ্গে আলাপ করেছি, উনাকে বলেছি আমাদের পুরুষ দলকেও পাঠানোর প্রয়োজন আছে। আমাদের আরো কিছু খেলা নিয়ে বিভিন্ন পেন্ডিং ইস্যু রয়ে গেছে। আমাদের বিশ্বাস, বর্তমানে এসব বিষয় সক্রিয় বিবেচনায় আছে। শীঘ্রই আমরা ভালো কিছুর সংবাদ পাব।’ তিনি বলেন, ‘গতকাল (শনিবার) বিওএর মিটিংয়ে অনেকেই অনেক কিছু আলাপ করেছে। এখনো কোনো সিদ্ধান্ত আমরা অফিশিয়ালি ইনফর্মড না। বিওএ থেকে যে প্রেসরিলিজটি দেওয়া হয়েছে, সেখানে যে ১৭টি ডিসিপ্লিন লেখা আছে তার মধ্যে ফুটবল লেখা আছে। আমরা আশা করছি এখানে পুরুষ ফুটবল দল থাকবে।’ 

ইন্দোনেশিয়ায় গত এশিয়ান গেমস ফুটবলে কাতারকে হারিয়ে বাংলাদেশ দ্বিতীয় পর্বে উঠেছিল। সেটি জানা ছিল না অনেকের। যারা বিওএর সভায় বসে ফুটবলের বিরোধিতা করেছেন তারা সেটি না খবর নিয়ে মতামত দিয়েছেন পুরুষ ফুটবলে পারফরম্যান্স ভালো না। আর ফুটবলের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি নাকি কোনো কথাই বলেননি। সেটা দেখে বিওএর অন্য কর্মকর্তারা অবাক হয়েছেন। কাজী নাবিল আশা ছাড়েননি। বিওএর দুই-এক জন কর্মকর্তাও চান যেভাবেই হোক পুরুষ ফুটবল দলকে পাঠাতে।  

ইত্তেফাক/জেডএইচ