মো. খবিরউদ্দিন, তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
জেলার তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়ক দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটির তারাগঞ্জ সদর হাট-বাজার এলাকার এক কিলোমিটার এখন খানাখন্দে ভরা এবং সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ কারণে এ অংশ দিয়ে চলাচল করতে গিয়ে যানবাহনের চালক, যাত্রী ও পদচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী আহম্মেদ হায়দার জামান জানান, ‘সড়কটির ওই বেহাল অংশের কথা আমাদের জানা আছে। এ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। বরাদ্দ পেলে সড়কটি সংস্কার করা হবে।’
তারাগঞ্জ বণিক সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদিন আপান বলেন, ওই সড়কের পাশে গড়ে উঠেছে তারাগঞ্জ হাট-বাজার। এ হাটে এক হাজারেরও অধিক ব্যবসায়ী আছে। হাটটি থেকে সরকার এবছর দুই কোটি ৯ লাখ টাকা ইজারা পেয়েছে। কিন্তু হাট এলাকার এক কিলোমিটার বেহাল হওয়ার কারণে ব্যবসা-বাণিজ্যে মন্দা চলছে। ভাঙাচোরা রাস্তার কারণে অনেক ক্রেতাই এখন বাজারে আসছেন না।
কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজালুল হক সরকার বলেন, ‘একমাস আগে উপজেলা সমন্বয় কমিটির সভায় সড়কটি সংস্কারের দাবি জানিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। বর্তমান কাদাপানি জমে সড়ক বেহাল হয়ে পড়েছে।’
