ঈদ আনন্দের বার্তায় সম্প্রীতির বন্ধন রচনার আহবান জানিয়ে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মুসলিমদের বৃহত্তর ধর্মীয় উৎসবের মূল সুরই হলো অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ হওয়া ও ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধভাবে সমাজের মঙ্গল কামনায় নিরন্তর কাজ করা।
বক্তারা আরো বলেন, মানুষের জন্য তথা সমাজের সামগ্রিক উন্নয়নে যার যতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে তার ন্যুনতম দায়িত্বও যদি যথাযথ পালন করা হয় তবে বদলে যাবে দেশ। রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সোমবার ( ৮ মে) বিকেলে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান কামরুল ইসলাম ও রোকসানা আক্তার রুনা দম্পতির সৌজন্যে তাঁদের খুলশির বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট এ.কে. এম সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান লেখক-সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-ক্লাব মেম্বার এ.আর খান, কর্নেল (অব.) এবিএম জয়নুর রশীদ, কামরুল ইসলাম, মির্জা মুনিরুল হক, চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, রাকিবুল ইসলাম, মোহাম্মদ শহীদ উল্লাহ, জয় দেব দাশ, নাসিমা আখতার, নিলুফার আজাদ, ডা. মাহাদী হাসান, অধ্যক্ষ শ্যামল মজুমদার, মিজানুর রহমান, বৃজেট ডায়েস, খায়রুল আলম সুজন ছাড়াও রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের চার্টারড প্রেসিডেন্ট মেহ্নাজ কামরুল, সাদাফ উল ইসলামসহ সদস্যরা এবং সব সদস্যের পরিবারও উপস্থিত ছিলেন।
সভায় ক্লাব সদস্যরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
