লালন আখড়ার সাধুসঙ্গে হামলা, প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ০৯ মে ২০২৩, ১৯:৫৪

নরসিংদীর বেলাব উপজেলায় লালন সংগীতের আখড়াবাড়ি পুলকিত আশ্রমে সন্ত্রাসীদের হামলার ঘটনায় প্রধান আসামি শেখ জাহাঙ্গীরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৮ মে) রাত ৩টার দিকে তিন জন ও অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনের বিরুদ্ধে বেলাব থানায় মামলা করেন ভুক্তভোগী শিল্পী খোকন চিশতী। এরপর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর শেখ উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামের শেখ মজনুর ছেলে। মামলার অন্য দুই আসামি হলেন একই গ্রামের শাহীন শেখ (৩২) ও ফজলু শেখ (৫৮)।

রোববার বিকালে পাটুলি ইউনিয়নের ভাবলা গ্রামে লালন সংগীতের আখড়াবাড়ি পুলকিত আশ্রমে হামলা এবং বাদ্যযন্ত্র ভাঙচুর করে সন্ত্রাসীরা। এই ঘটনায় তিন বাউল শিল্পী আহত হয়েছেন। ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল নিন্দা জানিয়েছে বিশিষ্টজনরা। 

বেলাব থানার ওসি তানভীর আহমেদ বলেন, মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/পিও