দুর্নীতির দায়ে বিলুপ্ত জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:৫০

স্পোর্টস ডেস্ক

দুর্নীতির দায়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছে দেশটির সরকারি সংস্থা স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন (এসআরসি)।

জিম্বাবুয়ে ক্রিকেটে দুর্নীতির ওপর তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছিল এসআরসি। গেল সপ্তাহে তারা জিম্বাবুয়ে বোর্ডকে আদেশ দিয়েছিল যেন তদন্ত শেষ হবার আগ পর্যন্ত শীর্ষ পদে নির্বাচনের সব প্রক্রিয়া বন্ধ রাখা হয়। সে আদেশে কান না দিয়েই নির্বাচন আয়োজন করে জিম্বাবুয়ে বোর্ড। যাতে চার বছরের জন্য নির্বাচিত হন তাভেংওয়া মুখুলানি। ফলে সংস্থা দুটির মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং শেষমেশ জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডকে ভেঙে দেয় এসআরসি। সংস্থাটি জানায়, প্রতারণা এবং অর্থের অপব্যবহারের কারণে ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা বর্তমানে তদন্তের মুখোমুখি হয়েছেন। জিম্বাবুয়ে আইসিসির পূর্ণকালীন সদস্য হলেও এসআরসি জানিয়েছে, দেশের আইনের বাইরে গেলে শাস্তির মুখোমুখি হতেই হবে বোর্ডকে। সম্প্রতি এক বিবৃতিতে এসআরসি জানায়, ‘জিম্বাবুয়ে ক্রিকেট আইসিসির পূর্ণ সদস্য। কিন্তু তার মানে এই নয় যে তারা জিম্বাবুয়ের আইনের ঊর্ধ্বে।’

অন্তর্বর্তীকালীন ভিত্তিতে বর্তমানে দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও সিইও হিসেবে এলম্যান ব্রাউনকে নিয়োগ দিয়েছে এসআরসি।