জমি নিয়ে বিরোধে হামলায় একই পরিবারের ৩ জন আহত

আপডেট : ১২ মে ২০২৩, ১৯:৫২

মাদারীপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলায় নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১২ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষিপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন একই এলাকার মোমতাউদ্দিন ছেলে শামসুদ্দিন বেপারী (৭৯), শামসুদ্দিন বেপারী ছেলে শাহজালাল বেপারী (৪৫) ও  শাহজালালের স্ত্রী মুক্তা বেগম (৩৫)। 

জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে শামসুদ্দিন বেপারী ও বাবুল বেপারীর সঙ্গে ১৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বাবুল বেপারী ওই জমি একার দাবি করেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বাবুলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শামসুউদ্দিনের পরিবারের ওপর হামলা চালায়। এতে শামসুউদ্দিনের পরিবারের নারীসহ আহত হয় তিনজন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শামসুউদ্দিন ও শাহজালালকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন আহতের পরিবার। 

খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে সদর মডেল থানা পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাওলীন আফরোজ বলেন, মারামারির ঘটনায় তিনজন রোগী হাসাপাতালে আসে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া মুক্তা নামে আহত একজন নারীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত থাকায় তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ইত্তেফাক/পিও