মায়ের হত্যার বদলা নিতে বাবাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

আপডেট : ১২ মে ২০২৩, ২০:২৭

রাজশাহীর বাঘায় ২০ বছর পূর্বে মায়ের হত্যার বদলা নিতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে ছনিকে (২১) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) রাতে উপজেলার চক আমোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আজিজুল আলম। তিনি উপজেলার চক আমোদপুর গ্রামের মৃত ইয়াকুব প্রামাণিকের ছেলে। 

জানা যায়, ১৯৯৮ সালে আজিজুল তার স্ত্রী পারুল বেগমকে কুপিয়ে হত্যা করেছিল। পরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে আজিজুল এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। দুই বছর আগে আজিজুল জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেন। কিন্তু তার দুই ছেলে তাকে মেনে নিতে পারেননি। এ কারণে আজিজুল তার ভাই-ভাতিজা ও স্বজনদের বাড়িতে খাওয়া দাওয়া করতো এবং মানুষের আম বাগান, পুকুর পাড় ও অনেকের ঘরের বারান্দায় শুয়ে রাত কাটাতেন। 

শুক্রবার সকালে উপজেলার চক আমোদপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে আজিজুল আলমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর পুলিশ নিহতের ছোট ছেলে ছনির ঘর তল্লাশি করে বিভিন্ন স্থানে রক্তের ছাপ লক্ষ্য করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।    
 
বাঘা থানার ওসি খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি। নিহতের ছেলে ছনির ঘরে তল্লাশি করে হত্যার আলামত খুঁজে পাওয়ায় তাকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ইত্তেফাক/এবি/পিও