সিদ্ধিরগঞ্জে চাচাতো দুই বোনকে ২০ দিন আটকে রেখে ধর্ষণ

আপডেট : ২২ জুন ২০১৯, ২২:২১

সিদ্ধিরগঞ্জে ২০ দিন ধরে অপহূত দুই চাচাতো বোনকে উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাটের রামপালে ধর্ষণের অভিযোগে এক নৌ পুলিশ সদস্যের নামে মামলা করেছে এক কিশোরী। রংপুরের পীরগাছায় দ্বিতীয় শ্রেণির এক শিশু এবং ঠাকুরগাঁওয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এছাড়া টঙ্গীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইমরান নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সিদ্ধিরগঞ্জে চাচাতো দুই বোনকে অপহরণ করে ২০ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করেছে দুই বখাটে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আল-আমিন (১৬) ও রিয়াদকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে ফতুল্লার গিরিধারা এলাকার সেলিনা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় ওই দুই কিশোরীকেও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক কিশোরীর পিতা বাদী হয়ে শনিবার সকালে  আল-আমিন ও রিয়াদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার আল-আমিন সিদ্ধিরগঞ্জের আইয়ুব নগর এলাকার মোঃ বাদল মিয়ার ছেলে। আর রিয়াদ ভোলা জেলার চরফ্যাশন থানার কুলসুমবাগ এলাকার মোঃ আজিজ হোসেনের ছেলে।

জানা যায়, গত দুই জুন সিদ্ধিরগঞ্জের আইয়ুব নগরের বাড়ি থেকে ৭ম শ্রেণির এক ছাত্রী ও তার চাচাতো বোনকে (১৬) ফুসলিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ঐ দুই বখাটে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সেলিম মিয়া জানান, দুই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের রামপালে মাধ্যমিক পাস করা এক কিশোরীকে (১৬) বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে নৌ পুলিশের এক সদস্যকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার গভীর রাতে রামপাল উপজেলার ভোতপাতিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামবাসী তাকে ধরে পুলিশে দেয়। শুক্রবার রাতের এই ঘটনায় মেয়েটি বাদী হয়ে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নৌ পুলিশের সদস্য মুস্তাকিন বিল্লাহ’র বিরুদ্ধে একটি মামলা করেছেন।

মুস্তাকিন বিল্লাহ (৩২) রামপাল উপজেলার মোংলা-ঘষিয়াখালী নৌচ্যানেলের সন্ন্যাসী নৌপুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের হাফেজ জামিল আহমেদের ছেলে। নৌ পুলিশের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) রামপাল থানা পরিদর্শন করেছেন। এদিকে শনিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং নৌ পুলিশের সদস্য মুস্তকিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পীরগাছা (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের পীরগাছায় ২য় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছাওলা ইউনিয়নের ছাওলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত আলতাফ হোসেন সোনা (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাকে শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পীরগাছা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর গিলাবাড়ীতে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী  ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, একই এলাকার মোহাম্মদ মোতালেবের লম্পট ছেলে সবুজ ও তার সঙ্গী সাইফুল, বাবুসহ বেশ কয়েকজন ছাত্রীটিকে জোর করে ভুট্টা ক্ষেতের ভেতর নিয়ে যায়। বাকিরা ধর্ষণের চেষ্টা চালালে মেয়েটির চিত্কারে লোকজন এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালায় সবুজ ও তার সঙ্গীরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা জানান, টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ ব্যাংক পাড়ায় গত শুক্রবার রাতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মোঃ ইমরান খানকে (৩২) গতকাল শনিবার গ্রেফতার করেছেন র্যাব-১ এর একটি দল। ইমরান গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকার মৃত ইব্রাহিম খানের ছেলে। ধর্ষণের পর ওই গৃহবধূকে হুমকিও দেয় ইমরান। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর মোহনপুরে দুই সন্তানের জননী আসমা বেগমকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার মোহনপুর থানা পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মাসুদ রানা বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী জানায়, প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর আসমা বেগম পাশের তীলাহারি গ্রামের হাসেম আলীর ছেলে বাবুল ইসলামকে দ্বিতীয় বিয়ে করেন। যদিও তিনি হাটরা গ্রামে বাবার বাড়িতেই থাকতেন। স্বামী বাবুল হোসেন সপ্তাহে দুদিন হাটরা গ্রামে আসমার বাড়িতে যেতেন।

অন্যদিকে উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে আনোয়ারা বেগম নামে অপর এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, আনোয়ারা বেগম মানসিক রোগী ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন।