ফরিদপুরের ভাঙ্গায় সরকারি জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার (১৪ মে) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে আহত হয়েছেন আর ১৯ জন।
নিহত আলমগীর মাতুব্বর (৫৫) ছোট খারদিয়া গ্রামের লাল মিয়া মাতুব্বরের ছেলে।
এলাকাবাসীর বরাতে ভাঙ্গা থানার এসআই কবির হোসেন জানান, আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে একটি সরকারি জমি নিয়ে জলীল মাতুব্বরের সঙ্গে প্রতিবেশী কাউসার মাতুব্বরের বিরোধ চলছিলো। শনিবার (১৩ মে) সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষে দু’পক্ষের নারী শিশুসহ ২০ জন আহত হন। গুরুতর আহত আলমগীর মাতুব্বরকে শনিবার রাত সোয়া ৭টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকৎসাধীন অবস্থায় রোববার সকাল সোয়া ৬টার দিকে তিনি মারা যান।
সংঘর্ষে আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আলমগীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রোববার সকালে ২৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে।
এসআই জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনো মামলা হয়নি।
এ বিষয়ে আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা বলেন, সরকারি জায়গা দখল নিয়েই মূল ঝামেলা। এ নিয়েই দুপক্ষের মধ্যে বেশকিছু দিন ধরে বিরোধ ছিল। এর আগেও সংঘর্ষ, মামলা হামলার ঘটনা ঘটেছে।
