সাভারের আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুই পোশাক শ্রমিকসহ তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকালে আশুলিয়ার কুটুরিয়া এবং শুক্রবার রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জিরানী পুকুরপাড় এবং ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
এদের মধ্যে কুটুরিয়া থেকে শাহিদা আক্তার (২২) জিরানী পুকুরপাড় থেকে রুবি আক্তার (৩০) এবং ইয়ারপুর ইউসুফ মার্কেট এলাকা থেকে জান্নাতি বেগমের (১৯) লাশ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন জানান, শনিবার বিকালে আশুলিয়ার কুটুরিয়া এলাকার মো. ফারুকের ভাড়া বাড়ির একটি কক্ষে বাঁশের আড়ার সঙ্গে শাহিদা আক্তারের (২২) ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে।
এদিকে থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ছুটি শেষে রুবির ছেলে মাদ্রাসা থেকে বাসায় ফিরে মাকে ডাকাডাকি করতে থাকে; কিন্তু দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে ঘরের ভিতরে আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় মাকে দেখতে পায়। এসময় সে চিত্কার করলে প্রতিবেশীরা এসে বিষয়টি দেখে থানায় ফোন করে জানায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
