ক্রেয়নম্যাগ আয়োজিত ক্যালিগ্রাফি এবং টাইপোগ্রাফি প্রদর্শনী ‘বর্ণমালা’র শেষদিন ছিল আজ ১৩ মে৷ মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল থেকেই ছিল দর্শনার্থীদের আনাগোনা৷ দুপুর ৩.৩০ এ শুরু হয় ‘বর্ণমালা’র সমাপনী আয়োজন।
বাংলাদেশের সকল ভাষাভাষী মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ১১ মে বৃহস্পতিবার ক্রেয়নম্যাগ আয়োজন করে এই লিপিচিত্র প্রদর্শনীর৷ আয়োজনের শেষদিনে যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক নির্মাতা ও অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং কবি ও সাহিত্যিক ভাষা সৈনিক অসীম সাহা।
এসময় মুক্তিযোদ্ধা অ্যারোমা দত্ত বলেন, বরাবরের মতো ক্রেয়নম্যাগ তার ভিন্নধর্মী পরিচয় বজায় রেখেছে৷ ইংরেজি, আরবি এসব ভাষা নিয়ে লিপিচিত্র অনেক হয়। বাংলা ভাষা, আদিবাসীদের ভাষা নিয়ে এরকম আয়োজন সত্যিই সময়োপযোগী।
অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাধারন দর্শনার্থী ছাড়াও প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের অনেকেই। প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেছেন৷ অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন অরূপ বাউল, জান্নাতুল ফেরদৌস, শুভ্র ধর, আব্দুল বাতেন সরকার, মনোয়ার হোসেন শাহ, মো: মোরসালিন বিন কাশেম, ওবাইদুল্লাহ ওমর, উপল রায় চৌধুরী, মেহনাজ তাবাসসুম সহ আরও অনেকে। আয়োজনের শেষাংশে তাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র।
এই আয়োজনে সাসটেনেবল ফ্যাশন এক্টিভিস্ট, শিল্পী ফায়জা আহমেদ অংশ নিয়েছেন তার শিল্প সম্ভার নিয়ে৷ মুক্তিযুদ্ধ জাদুঘরে হল গ্যালারি ৬ এর এক অংশ জুড়ে সাজানো রয়েছে তার শাড়ির সম্ভার। সেইসব শাড়িতে রয়েছে নানা রঙের, নানা বর্ণের ক্যালিগ্রাফি৷
সনদপত্র হাতে পেয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, এরকম কোন প্রদর্শনীতে এই প্রথম আমার কাজের মাধ্যমে অংশ নিয়েছি৷ খুবই ভালো লাগছে আমার৷ 'বর্ণমালা'র মতো আমাদের ভাষাকে নিয়ে এরকম ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফির আয়োজন আরও হওয়া উচিত৷
ক্রেয়নম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দিতান বলেন, গত বছর থেকে আমরা ক্যালিগ্রাফির প্রদর্শনী শুরু করি৷ এবছর বাংলা ভাষা ছাড়াও আমরা বাংলাদেশের সব ভাষার প্রতি দৃষ্টি দিয়েছি৷ এই আয়োজনের উদ্দেশ্য হলো আমাদের বর্ণমালার সংরক্ষন করা। ক্রেয়নম্যাগ বরাবরই চেয়েছে আমাদের নিজেদের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্যকে ধারন করতে এবং আমাদের কাজের মধ্যে দিয়ে তার পরিস্ফুটন ঘটাতে৷
ব্যাকপেজ পি আর -এর পি আর সহযোগিতায় ক্রেয়নম্যাগ আয়োজিত এই প্রদর্শনীতে নলেজ পার্টনার হিসেবে রয়েছে ইউ এন ডি পি এবং প্রচার সহায়তায় রয়েছে ভলেন্টিয়ার অপরচুনিটিজ।
২০২০ সালে শুরু হওয়া ক্রেয়নম্যাগ একটি সামাজিক সংগঠন। সমাজের চলমান রীতি রেওয়াজ, অসমতা এবং এক পাক্ষিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কাজ করে প্রতিষ্ঠানটি। একই সাথে কাজ করে নিজেদের সংস্কৃতির বিকাশে৷ ইতিপূর্বে ক্রেয়নম্যাগ আয়োজিত অন্যতম ক্যাম্পেইনগুলোর মধ্যে রয়েছে, অসময়ের ডাক, নীরবতার পাপচক্র, ঋতুর সাথে হোক সন্ধি, নিউ নর্মাল থ্রু মাই আইজ ইত্যাদি।
