জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত কাউন্সিলর শিপলু বরখাস্ত 

আপডেট : ১৬ মে ২০২৩, ১৮:৪৪

রংপুরে সড়ক ও জনপদ বিভাগের জমি জালিয়াতি করে বিক্রির অভিযোগে এক বছরের দণ্ডপ্রাপ্ত জাকারিয়া আলম শিপলুকে কাউন্সিলরের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। 

সোমবার (১৫ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. জহিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। 

জাকারিয়া আলম শিপলু নগরীর তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 

প্রজ্ঞাপনে বলা হয়, কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়ায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ১২ (১) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া একই আইনের ১৩ (৩) ধারা অনুযায়ী স্থায়ীভাবে অপসারণের লক্ষে কার্যক্রম শুরু হয়েছে।

জানা যায়, গত ৭ এপ্রিল রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে চারটি মামলায় নগরীর বিনোদপুরের বাড়ি থেকে গেপ্তার করে পুলিশ। পরদিন ৮ এপ্রিল আদালতের বিচারক তিনটি মামলায় জামিন দিলেও চাঁদাবাজির এক মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি রংপুর মুখ্য মহানগর হাকিম আদালত সড়ক ও জনপদ বিভাগের জমি জালিয়াতি করে বিক্রির অভিযোগে কাউন্সিলর শিপলুকে এক বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ডের আদেশ দেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর বিরুদ্ধে জমি দখল, বাড়ি নির্মাণে বাধা দেওয়া, ভাঙচুর, মারপিট, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও জালিয়াতির একটি মামলায় তিনি এক বছরের দণ্ডপ্রাপ্ত।

ইত্তেফাক/এবি/পিও