রংপুরে সাহিনুর ইসলাম (১২) নামে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার পাগলাপীরের মডেল মসজিদ এলাকার আখ ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে ৭ জনকে আটক করেছে।
নিহত সাহিনুর সদর উপজেলার হরিদেবপুর গোকুলপুর গ্রামের শাহ আলমের ছেলে। সে পাগলাপীর নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
জানা যায়, সোমবার রাত থেকে সাহিনুর মাদ্রাসা থেকে নিখোঁজ ছিল। রাতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে খোঁজাখুঁজি করে। মঙ্গলবার সকালে স্থানীয়রা সাহিনুরের লাশ আখক্ষেতের পাশে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সদর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর আলম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সন্দেহভাজন হিসেবে ৭ জনকে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে সাহিনুরের লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
