বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজিতে প্রায় পনের হাজারেরও বেশি সিভি জমা দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো—বাংলাদেশের সবথেকে বড় এই টেক্সটাইল ভিত্তিক চাকরি মেলা ‘বিইউএফটি জাতীয় চাকরি মেলা ২০২৩’।
বিইউএফটি জাতীয় চাকরি মেলা ২০২৩—এর উদ্বোধন করেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি, বিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র বর্তমান সভাপতি ফারুক হাসান, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, মাসকো গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর, মাহবুব মিল্টন, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম মাহফুজুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানসহ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যরা।
এসময় বিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘বর্তমান সময়ের জন্য এধরণের আয়োজন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এধরণের আয়োজনের পাশাপাশি উদ্যোক্তা তৈরি হবার দিকেই জোর দিতে হবে।’
বিজিএমইএ সভাপতি জনাব ফারুক হাসান বলেন, ‘বিইউএফটি জাতীয় চাকরি মেলা একটি অসাধারণ উদ্যোগ। এসব আয়োজন আরও অনেক বেশি করে করতে হবে। বছরে দুইবার করেও করা যাবে। পরবর্তী আয়োজনগুলোতে বিজিএমইএ আরও বড় পরিসরে সহযোগিতায় থাকবে।’
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা তো কত ধরনের ক্লাবই করি, ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, কত কত ক্লাব, কিন্তু বিইউএফটি জাতীয় চাকরি মেলা ২০২৩ আয়োজন করা এই বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবই সবার সেরা, সবথেকে সেরা।’ শিক্ষার্থীদেরকে বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের মত আউট অফ দ্যা বক্স চিন্তা করার জন্য পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে বড় হতে হলে এমন সৃজনশীল পরিকল্পনা, চমৎকার কিছু উদ্যোগ এবং প্রচণ্ড পরিশ্রমী হতে হবে।’
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের কো-পাওয়ার্ড বাই পার্টনার ফিওনা’র ম্যানেজিং ডিরেক্টর কামরুল হাসান, বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মো. হাতেম, বিইউএফটি বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের মূল আয়োজক ছিলো বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজির অত্যন্ত চমৎকার একটি ক্লাব, ‘বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব’। অনুষ্ঠানের কো-পাওয়ার্ড বাই পার্টনার ‘ফিওনা’, সহযোগিতায় ‘এক্সিলেন্স বাংলাদেশ’ এবং স্ট্রাটেজিক পার্টনার ছিলো ‘বিইউএফটি এলাম্নাই এসোসিয়েশন’।
