আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যার অভিযোগ

আপডেট : ১৯ মে ২০২৩, ১৮:৪০

কুমিল্লায় এনামুল হক নামে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ মে) দুপুরে আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত এনামুল হক আলেখারচর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজ শেষে এনামুল হক মসজিদ থেকে বের হলে স্থানীয় কাজী জহিরুল ইসলাম ও তার সহযোগীরা এনামুলকে মারধর শুরু করে। একপর্যায়ে এনামুল মাটিতে লুটিয়ে পড়লে তার গলা কেটে দেওয়া হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল বলেন, এনামুলের সঙ্গে স্থানীয় কাজী জহিরের রাজনৈতিক বিরোধ ছিল। এছাড়া এনামুলের প্রতিষ্ঠিত আলেখারচর দক্ষিণ পাড়া জমিরিয়া তালিমুল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দখল নিয়েও কাজী জহিরের সঙ্গে বিরোধ চলছিল। কাজী জহির ও তার লোকজন দীর্ঘদিন ধরে মাদ্রাসাটি দখলের চেষ্টা করছে।

বৃহস্পতিবার কাজী জহিরের মাদক সেবন ও জুয়া খেলার একটা ভিডিও ভাইরাল হয়। এর জন্য সে (কাজী জহির) এনামুলকে দায়ী করে। এতে ক্ষুব্ধ হয়ে কাজী জহিরের লোকজন শুক্রবার এনামুলকে গলা কেটে হত্যা করে।
 
ক্যান্টনমেন্ট পুলিশ ফাড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

ইত্তেফাক/এবি