স্পেনের পশ্চিমাঞ্চলের এক্সট্রেমাদুরা অঞ্চলে দাবানল জ্বলছে। এ পর্যন্ত এ অঞ্চলের ১ হাজার ৫০০ হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন থেকে বাঁচাতে ওই এলাকা থেকে ৫৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জরুরী কর্মকর্তারা জানিয়েছেন, প্রাকৃতিকভাবেই এই আগুনের সূত্রপাত। প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। সামরিক জরুরি ইউনিটের কমান্ডার ডেভিড বারোনা শুক্রবার (১৯ মে) রাষ্ট্রীয় টিভি চ্যানেল ২৪এইচকে জানান, দমকা বাতাসের কারণে আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগুনের ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। পর্তুগালের সীমান্তবর্তী ক্যাসেরেস প্রদেশের পিনোফ্রাঞ্চিয়াডো অঞ্চলে ২৫০ জন দমকল কর্মী আগুন নেভাতে কাজ করছেন।
কর্মকর্তারা ওই অঞ্চলের ক্যাডলসো, ডেসকারগামারিয়া ও রোবেলেডিলো ডি গাতা গ্রামের ৫৫০ জনকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে এক্সট্রেমাদুরার জরুরি সেবা বিভাগের প্রধান নিভেস ভিলার সাংবাদিকদের জানান, আগুনে ওই এলাকার গাছপালার মারাত্মক ক্ষতি হচ্ছে।
ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, গত বছর ৪৯৩টি দাবানলের ঘটনা ঘটেছে। এতে ৩ লাখ ৭ হাজার হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে।
