কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের বেশি মানুষকে সরানোর নির্দেশ

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৪:৫৬

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ওকানাগান লেকের আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। আগুনের বিস্তার ঠেকাতে রাতারাতি ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, দাবানলের কারণে প্রায় ১২ হাজার মানুষের বসবাসের শহর সামারল্যান্ডের পুরো এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পিচল্যান্ড ও আশপাশের এলাকায় আরও প্রায় ৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় প্রথম আগুনের খবর পাওয়া যায়। কয়েক ঘণ্টার মধ্যেই আগুন প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ছোট্ট ফাউল্ডার সম্প্রদায়ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাড়িঘর পুড়ে যেতে দেখা গেছে। আতঙ্কিত বাসিন্দারা দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করেন। এ সময় পেন্টিকটনের দিকে দক্ষিণমুখী সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়।

জরুরি তথ্য কর্মকর্তা এরিক থম্পসন দাবানলটিকে এ অঞ্চলে দেখা সবচেয়ে ‘দ্রুতগতিতে ছড়িয়ে পড়া ও দ্রুত বেড়ে ওঠা’ দাবানলগুলোর একটি বলে বর্ণনা করেছেন।

পরিস্থিতির অবনতি হলে নিজের পরিবারকে সরিয়ে নিতে তাকেও জরুরি কার্যক্রম কেন্দ্র (ইসিও) ছেড়ে যেতে হয়। থম্পসন বলেন, ‘আমাকেও জরুরি কার্যক্রম কেন্দ্র ছেড়ে পরিবারের সদস্যদের এই এলাকা থেকে সরিয়ে নিতে হয়েছে। আমরা দক্ষিণ দিকে যাচ্ছি।’

বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি ঝুঁকিতে থাকা প্রতিবেশীদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন থম্পসন।

তিনি বলেন, ‘আমাদের সবার জন্যই এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। তবে আমাদের শক্ত থাকতে হবে—নিজেদের প্রিয়জনদের জন্য এবং বিশেষ করে যারা সাহায্য ও সহযোগিতার প্রয়োজন বোধ করছেন, তাদের জন্য। তাই প্রতিবেশীদের খোঁজ নিন।’

তথ্যসূত্র: আনাদোলু

ইত্তেফাক/আইএ