নাশীদ শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস

আপডেট : ২০ মে ২০২৩, ১৩:৫৭

আব্দুল হাসিব বিন ইদ্রিস একজন নাশীদ শিল্পী। শৈশব থেকেই বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে গান গাইতেন তিনি।  এই তরুণ বর্তমানে কাজ করছেন দেশের জনপ্রিয় ইসলামিক সাংস্কৃতিক সংগঠন হ্যাভেন টিউনে। 

আব্দুল হাসিব বিন ইদ্রিস এর জন্ম যশোর জেলার কোতয়ালী থানায়। দুই ভাইয়ের মধ্যে আব্দুল হাসিব সবার ছোট। শৈশব থেকেই ইসলামি সঙ্গীতের প্রতি আগ্রহ। বাবার সঙ্গে মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠান বা ওয়াজ মাহফিলে যাওয়া হত। গাওয়া হতো ইসলামি সঙ্গীতও।

একে একে এই পর্যন্ত তিনি গেয়েছেন ১৫ এর বেশি ইসলামি সঙ্গীত। ইউটিউব ও ফেসবুক ছাড়াও ৩০০ টিরও বেশি অডিও ভিডিও প্লাটফর্ম এ রয়েছে তার গান।

এ পর্যন্ত তার প্রকাশিত সংগীত হলো, বারে বারে পথ ভুলি,তুমি এসেছ বলে, দিন যায় দিন আসে, রাসুলে মুহাম্মাদ ইত্যাদি। এছাড়াও তিনি উদাস মনে রঙিন দোলা, সাদা কাফন, বিজয়, কুরবানি,  ঈদ মুবারাক  গানগুলো গেয়েছেন। এছাড়াও শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস আরবি উর্দু ও ইংরেজি গান গেয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন।

ইসলামি সংগীত বিষয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে আব্দুল হাসিব বিন ইদ্রিস। তিনি বলেন, আমি মনে করি ইসলামি সংগীত ইসলামি সাংস্কৃতিক বিপ্লবের একটি অংশ হিসেবে কাজ করে। মানুষ বিনোদনের নামে বেহায়াপনা দেখে থাকে। নোংরা সংস্কৃতির মোহে পড়ে যায়। আমি আশাবাদী আগামী দিনে মুসলিম উম্মাহ যেন আমাদের সুস্থ সুন্দর ও হালাল বিনোদন গ্রহণ করবে। ইসলামি সংস্কৃতি ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের কাছে এটাই আমার প্রত্যাশা।

ইত্তেফাক/এএইচপি