প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৮ মে) রাতে উত্তরা নগর ভবনে কাউন্সিলর আলহাজ্ব মোঃ আফছার উদ্দিন খানের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ আতিকুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। চলমান উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার বিষয়ে বেশ কিছু বাধার কথা বলতে গিয়ে তিনি আগামীতে ঢাকা-১৮ আসনে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু ও জামাত-বিএনপিঘেঁষা কাউকে মনোনয়ন না দেওয়ার জোর দাবি জানান।
প্রধান অতিথির সাথে একাত্বতা ঘোষণা করে অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, গত নির্বাচনে নিজ কেন্দ্রে যে ১০০ ভোট পায় না তার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার যোগ্য নেই। যারা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃ্ন্দের ব্যবসা-বাণিজ্য দখল করে নেয় এবং নিজ দলের নেতা-কর্মীদের যিনি মামলা দিয়ে অত্যাচার করে তার সাথে কোনদিন আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা থাকতে পারেনা।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী নির্বাচনে নিজ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার-ফেস্টুন ছিঁড়ে যারা ঢাকা-১৮ আসনের শান্ত পরিবেশকে অশান্ত করতে চায় তাদের পরিণতি ভালো হবে না।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে বলেন এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি ঢাকা ১৮ আসনে যোগ্য নেতৃত্বকে নৌকার মাঝির দায়িত্ব দেয়ার দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাউন্সিলর আফসার উদ্দিন খান কর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছানোর জন্য নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিমুদ্দিন, সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, মতিউর রহমান মতি, যুগ্ম-সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, এস.এম তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, খসরু চৌধুরী, শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম. মহিবুল হাসান, সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, শেখ আব্দুল ওয়াসেক, সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, সালাউদ্দিন পিন্টু, সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শফিকুর রহমান, ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর ও তুরাগ থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব নাসির উদ্দিন।
