‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে কিডনি ডিজিস রিসার্চ গ্রুপ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স যৌথভাবে “কিডনি রোগ ও উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস- প্রতিরোধ ও প্রতিকার” শীর্ষক সচেতনতামূলক এক সেমিনারের আয়োজন করে।
বৃহস্পতিবার (১৮ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. ফরিদুল আলম, উপাচার্য, বিইউএইচএস।
কেডিআরজি এর উপদেষ্টা প্রফেসর ডা. এম ইকবাল আর্সলানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ডা. আইয়ুব আলী চৌধুরী, প্রফেসর ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী ও ডা. তারিন আহমেদ। অনুষ্ঠানে বিইউএইচএস এর রেজিস্টার প্রফেসর ডা. মো. জাহিদ হাসান ও বিইউএইচএস এর সমন্বয়কারী প্রফেসর ডা. মাসুদ ইকবাল বক্তব্য রাখেন।
তরুণদের মাঝে কিডনি রোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মাত্রা দিন দিন বাড়ছে। পাশাপাশি এ রোগগুলোর জন্য ঝুঁকিমূলক জীবনাচার যেমন- শারীরিক পরিশ্রম কম করা, ফাস্টফুড খাওয়া, কোমল পানিয় খাওয়া, ধূমপান করা, শরীরের ওজন বৃদ্ধি’ এগুলোর মাত্রাও উদ্বেগজনকভাবে বাড়ছে।
উল্লেখিত বিষয়গুলোর উপর বিইউএইচএস এর বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত প্রায় দুই শতাধিক তরুণ শিক্ষার্থীদের সাথে আলোচনা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সকলের মধ্যে শিক্ষামূলক লিফলেট ও নির্দেশনামূলক পুস্তিকাও হস্তান্তর করা হয়। কেডিআরজি এর পক্ষে আগামীতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে প্রস্রাব ও রক্ত পরীক্ষা করার মাধ্যমে এ সকল জটিল রোগের অনুসন্ধান করবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন আয়োজকগণ।
