ইত্তেফাক রিপোর্ট
প্রস্তাবিত বাজেটের বৈষম্যমূলক শুল্কনীতির প্রতিবাদ ও ভারতের ন্যায় প্রতি হাজার বিড়িতে ১৪ টাকা করারোপসহ ৬ দফা দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। গতকাল রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে এনবিআরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এনবিআরের চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করেন বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা। বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক শামীম ইসলাম প্রমুখ।
