ইত্তেফাক রিপোর্ট
লাইসেন্সবিহীন যেসব কোম্পানি পাস্তুরিত দুধ ও দই বাজারজাত করছে তাদের নামের তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে ওই তালিকা আদালতে দাখিল করতে বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। একইসঙ্গে দুধ ও দইয়ের উপর বিএসটিআইয়ের ল্যাব পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন এসময়ের মধ্যে আদালতে দাখিল করতে সরকারি ঐ সংস্থাকে বলা হয়েছে। বিএসটিআইয়ের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাদের কে দিয়েছে? লাইসেন্স নেই অথচ দুধ বাজারজাত করছে, এটা দেখার দায়িত্ব কার? সংস্থার আইনজীবী সরকার এমআর হাসান বলেন, পাস্তুরিত দুধ ও দই বাজারজাতকরণের জন্য ১৮টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে বিএসটিআই। লাইসেন্সকৃত কোম্পানিগুলো মান বজায় রেখে দুধ বাজারজাত করছে কিনা সেটা দেখার দায়িত্ব আমাদের। এর বাইরে যারা দুধ বাজারজাত করে তা দেখার দায়িত্ব আমাদের নয়। এটা দেখবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আদালত বলেন, লাইসেন্স যেগুলোকে দিয়েছেন সেগুলো নজরদারির মধ্যে রাখতে পারলে লাইসেন্সবিহীনগুলোও দেখার দায়িত্ব আপনাদের। যদি তা না হয় তাহলে এই বক্তব্য হলফনামা আকারে দাখিল করতে হবে আপনাকে।
