নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণ মামলার মূল আসামি মো. ইকবালকে (২৪) গ্রেফতার করেছে র্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৪ এর একটি টিম গতকাল রবিবার ভোর রাতে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক লে. কমান্ডার বি এন এম শোভন খান প্রেস ব্রিফিংয়ে জানান, নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভাধীন স্বল্প কমলপুর এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের পুত্র মো. ইকবাল ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ঈদের পরদিন বাড়ি থেকে কৌশলে বের করে নেয়। পরে স্বল্প কমলপুর থেকে সাহিতপুর যাওয়ার পথে পাঁকা রাস্তার পাশে সেচের গভীর নলকূপের টিন শেড ঘরে ছয় দিন আটকে রেখে সে ও তার বন্ধুরা পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণকারীরা গত ১২ জুন গভীর রাতে তাকে অজ্ঞান করে কেন্দুয়া-মদন সড়কের গোগবাজার জামতলা এলাকার ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় কিশোরীটি কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় এবং ঘটনাটি খুলে বলে।
এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে কথিত প্রেমিক মো. ইকবালসহ তার বন্ধুদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের করে। এজাহারভুক্ত অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
