ঋতুর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উদযাপন

আপডেট : ২৯ মে ২০২৩, ২০:২৩

বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস ২০২৩ উপলক্ষে কিশোরীদের হাতে ঋতু কমিক বই (বয়ঃসন্ধি মাসিক ও বেড়ে ওঠার গল্প) এবং ঋতু রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়েছে ‘ঋতু’। গতকাল রোববার (২৯ মে) দিবসটি উপলক্ষে ৪টা স্কুল এবং ৩টি বস্তিতে ২১০ জন কিশোরীর হাতে এ ন্যাপকিন পৌঁছে দেওয়া হয়। 

দিবসটি উপলক্ষে দেশের ৬টি জেলায় (ময়মনসিংহ, চট্টগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, পটুয়াখালী, ঢাকা) মোট ৭টি মাসিক স্বাস্থ্য সচেতনতামূলক সেশনের আয়োজন করে ঋতু। প্রতিটি সেশনে মোট ৩০ জন মেয়েকে ঋতু কমিক বই এবং ঋতু রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন উপহার দেওয়া হয়।

মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রতিটি সেশনে বয়ঃসন্ধি, মাসিক ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে গল্পে গল্পে আলোচনা করা হয়। মাসিক অভিজ্ঞতা বিনিময় এবং মাসিক নিয়ে কিশোরীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এই সেশনে।

তাছাড়া, ঢাকায় অবস্থিত শাহ-পারান বস্তির নারীদের নিরাপদ মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতন করা হয়। বিভিন্ন মাসিককালীন সমস্যা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করা হয়। 

ঋতুর পক্ষ থেকে বিভিন্ন জেলায় দিবসটি উদযাপন করে স্থানীয় সংগঠন। সংগঠনগুলো হলো-ইয়ুথ পাওয়ার,পটুয়াখালী; সুইসাইড প্রিভেনশন ইয়ুথ সোসাইটি,ময়মনসিংহ; নতুন বাবু পাড়া সমাজ গড়ি স্থায়ী উন্নয়ন সংগঠন,নীলফামারী; সৃজনশীল গাইবান্ধা,গাইবান্ধা; এবং ইয়ুথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশন, চট্টগ্রাম। 

‘ঋতু’ একটি সামাজিক ও অলাভজনক সংগঠন। পিরিয়ডের ট্যাবু ভাঙতে সোচ্চার সামাজিক এই প্রতিষ্ঠানটি কাজ করছে ২০১৬ সাল থেকে। বিভিন্ন স্কুলে, গ্রামে, এবং বস্তিতে সেশনের মাধ্যমে কিশোরী এবং নারীদের মাসিক ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও বয়ঃসন্ধি নিয়ে সচেতন করছে ঋতু। 

ইত্তেফাক/এএএম