‘উইমেন লিডার অব দ্য ইয়ার’ জিতলেন সাদিয়া হক

আপডেট : ২৯ মে ২০২৩, ২১:০৯

কটলার ‘উইমেন লিডার অব দ্য ইয়ার’ সম্মানজনক অ্যাওয়ার্ড জিতলেন শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক।

ঢাকার বনানীতে অনুষ্ঠিত মডার্ন মার্কেটিং সামিট ২০২৩ পর্বে কটলার অ্যাওয়ার্ডস দেওয়া হয়। শীর্ষস্থানীয় মার্কেটিং কনসালটেন্সি ফার্ম কটলার ইমপ্যাক্ট ইনকরপোরেশন ও দ্য ডেইলি স্টারের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে নর্দার্ন এডুকেশন গ্রুপ।
 
এ অর্জন নিয়ে শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, “আজ এখানে দাঁড়িয়ে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সামনে সম্মানজনক এ মার্কেটিং অ্যাওয়ার্ড নিতে পেরে অস্কার ও গ্র্যামি এই দু’টি পদক একসাথে পাওয়ার মতো অনুভূতি হচ্ছে। অন্যান্য বিজয়ীরা তাদের দক্ষতার মাধ্যমে দেশে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাদের পাশাপাশি এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। 

তিনি আরও বলেন, দেশের ভ্রমণ খাত সম্ভাবনাময় একটি খাত। ভবিষ্যতে এ খাতের আরও সম্প্রসারণ ঘটবে এবং সাধারণ মানুষ ভ্রমণে আকৃষ্ট হবেন। এক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছে শেয়ারট্রিপ। এই স্বীকৃতি আমাকে অনেক বেশি উজ্জীবিত করেছে। আমার বিশ্বাস, আমাদের আরও অনেক দূর যেতে হবে; এটা তো কেবল শুরু মাত্র।”

কটলার অ্যাওয়ার্ডসের লক্ষ্য হচ্ছে বিপণন, যোগাযোগ ও ব্যবসা ব্যবস্থাপনায় শীর্ষ পর্যায়ের পেশাজীবী ও ব্যতিক্রমী উদ্যোগকে স্বীকৃতি দেওয়া। বিশ্বব্যাপী ব্যবসায়িক শ্রেষ্ঠত্বকে সম্মান জানানো।

কটলার পুরস্কারের মাধ্যমে দেশের বিপণন খাতের পেশাজীবী, ব্যবসায়িক নেতা ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হয়েছে এমন ব্যবসায়িক উদ্যোগগুলোকে পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে বিজনেস কেস স্টাডি নিয়ে ‘প্রিন্সিপালস অব মডার্ন মার্কেটিং’ শিরোনামে বই উন্মোচন করা হয়।

ইত্তেফাক/এএইচপি