দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশ তরীকত ফেডারেশন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
২৯ মে (সোমবার) বাংলাদেশ তরীকত ফেডারেশন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাদা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে বিভিন্ন দরবারের আওলাদ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি উক্ত মত প্রকাশ করেন।
এ সময় নেতৃবৃন্দ সুজনকে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। নেতৃবৃন্দ ১৪ দলকে উজ্জীবিত করে স্বাধীনতা বিরোধী অপশক্তিদের বিরুদ্ধে রাজপথে সকল প্রকার আন্দোলন সংগ্রামে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তরীকত ফেডারেশনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে সুজন বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা আবারো মাথা চাড়া দিয়ে উঠতে চায়। ১৯৭১ সালে এক রক্তস্নাত যুদ্ধের বিনিময়ে আমরা এ দেশকে স্বাধীন করেছি। দেশ স্বাধীন হওয়ার মাত্র সাড়ে তিন বছরের মাথায় দেশী বিদেশী ষড়যন্ত্রকারীদের চক্রান্তে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গকে নৃশংসভাবে হত্যা করা হয়। মূলত এর পর থেকেই বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশে ফিরে এসে পুনরায় দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করে। এরপর পরই শুরু হয় ষড়যন্ত্র। এ পর্যন্ত প্রায় ২১ বার মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা করা হয়।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যখন একটি উন্নততর রাষ্ট্রে পৌঁছে যাওয়ার পথে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই আবারো ষড়যন্ত্র শুরু করেছে দেশী বিদেশী চক্র। তারা যেকোনো মূল্যে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরাতে চায়। তাদের চক্রান্তকে কোন ভাবেই সফল হতে দেওয়া যাবে না। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় আবারো রাজপথে নামবে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী সংগঠন ১৪ দল। আর সে আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য প্রস্তুত বাংলাদেশ তরীকত ফেডারেশন। তাই দেশের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন ধারাবাহিকতা বানচালে দেশী বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৩১ মে বুধবার বিকাল ৩টায় জেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম মহানগর ১৪ দলের উদ্যোগে আয়োজিত গণ-সমাবেশে উপস্থিত থাকার জন্য নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান সুজন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরীকত ফেডারেশন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাদা এ গাউসুল আজম সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মওলানা সৈয়দ মাইনুল ইসলাম জুনাইদ,মহানগর তরীকত ফেডারেশন আহবায়ক কাজী আহসানুল মোরশেদ কাদেরী, শাহজাদা মওলানা সৈয়দ আরাফাতুল হক হাফেজ নগরী, শাহজাদা মওলানা সৈয়দ মুশকিল কোশা আমিরী, মহানগর তরীকত ফেডারেশন সদস্য সচিব মুহাম্মদ মনছুর আলম ভাণ্ডারী, মুহাম্মদ এনাম ভাণ্ডারী, শাহজাদা ডাঃসৈয়দ শফিউল আনোয়ার হাফেজ নগরী, যুবনেতা আব্দুল্লাহ আল ইয়ামিন মুন্না প্রমূখ।
