সাকিবের পাশে বাবা-মা

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:১৮

শামীম হামিদ, সাউদাম্পটন (ইংল্যান্ড) থেকে

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। একের পর এক সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি পাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেই সাথে বল হাতে পাচ্ছেন উইকেটও।  সন্তানের এমন অসাধারণ নৈপুণ্য মাঠে বসে দেখার সুযোগ হারাতে চায় কোন বাবা-মা। তাই বাংলাদেশ থেকে লন্ডন ছুটে এসেছেন সাকিবের জন্মদাতা ও জন্মদাত্রী দুজনেই।

গত বুধবার বাংলাদেশ থেকে লন্ডন আসেন সাকিবের বাবা মাসরুর রেজা ও শিরিন আক্তার। ইত্তেফাককে বিষয়টা জানিয়েছেন সাকিবই। গত শনিবার সাউদাম্পটনে টিম হোটেলের সামনে হঠাত্ দেখা হলো সাকিবের সাথে। এসময় তিনি পাশের এক শপিং শেষে একা একা হোটেলে ফিরছিলেন। কুশল বিনিময় শেষে সাকিব জানালেন, তার পিতামাতা দুজনই ছেলের খেলা দেখার জন্য ইংল্যান্ড এসেছেন। লন্ডন থেকে সোজা ছুটে এসেছেন ট্রেন্ট ব্রিজে। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি দেখেছেন। আফগানিস্তান ম্যাচটিও দেখবেন। ছেলের সাথে একই হোটেলে বাবা-মাও অবস্থান করছেন বলে জানালেন সাকিব।

ছেলের খেলাধুলায় বাবা মায়ের অনুপ্রেরণা কতখানি জানতে চাইলে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘বাবা-মায়ের দোয়াতেই এতটা পথ আসতে পেরেছি। তাদের দোয়া নিয়ে আরো অনেকদূর যেতে চাই। আপনারাও দোয়া করবেন। দেশের মানুষও যেন আমার জন্য দোয়া করে।’  

বিশ্বকাপ উপলক্ষে প্রায় দুই মাস ধরে দেশের বাইরে থাকতে হচ্ছে টিম বাংলাদেশকে। অনেকেই পরিবার নিয়ে এসেছেন। এর মধ্যে কেটে গেছে একটি মাস। এর মধ্যে পবিত্র ঈদ উল ফিতর ছিল। ঈদের পরদিন ছিল নিউজিল্যান্ড ম্যাচ। সাকিব বললেন, ‘বাবা-মাকে আরো আগেই ইংল্যান্ড আসতে বলেছিলাম। কিন্তু রমজান মাসের কারণে তারা আসেননি।’ সাকিবের সাথে আগে থেকেই ইংল্যান্ডে আছেন স্ত্রী শিশির ও কন্যা আলাইনা। বিশ্বসেরা এই অলরাউন্ডার এবার পাশে পাচ্ছেন বাবা-মাকেও।