স্পোর্টস রিপোর্টার
বড় আসরে বড় কিছু জিততে ব্যাট-বলের পারফরম্যান্সের বাইরেও কিছুটা ভাগ্যের ছোঁয়া লাগে। এবার বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে সৌভাগ্যবান দলটার নাম নিউজিল্যান্ড। ব্যাটিং, বোলিং মিলে বেশ ভারসাম্য দল তাদের। তারপরও বিশ্বকাপ মিশনে ভাগ্য দেবীর পরশ পেয়েই যাচ্ছে দলটি। হারের কাছাকাছি গিয়েও এই আসরে তিনটি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।
নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ২৪৫ রানের টার্গেটে খেলতে গিয়ে হারের শঙ্কায় পড়েও ২ উইকেটের কষ্টার্জিত জয় পায় তারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তারা মাত্র ৩ বল আগে। গত শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কার্লোস ব্রেথওয়েটের সেঞ্চুরিতে প্রায় হারতে বসা ম্যাচটা ৫ রানে জিতেছে কিউইরা। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে কেন উইলিয়ামসনের দলই এখন পয়েন্ট তালিকার শীর্ষে আছে।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচে অল্পের জন্য হার থেকে বেঁচে গেছে নিউজিল্যান্ড। ম্যাচ জিতে নিজেদের ভাগ্যবান ভাবছেন কেন উইলিয়ামসন। এবং ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন তিনি।
৭ রানে ২ উইকেট হারানোর পরও উইলিয়ামসনের ১৪৮ রানের ইনিংসে ৮ উইকেটে ২৯১ রানের বড় পুঁজি গড়ে নিউজিল্যান্ড। জবাবে ব্রেথওয়েটের হার না মানা ১০১ রানের ইনিংসে প্রায় হারের প্রান্তে চলে গিয়েছিল তারা। কিন্তু ৪৯তম ওভারের শেষ বলে ব্রেথওয়েটের পাল্টা আক্রমণ থামিয়ে দেন বোল্ট। বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। বোল্ট ৪টি, ফার্গুসন ৩টি উইকেট নেন।
ম্যাচের পর বোল্টের ওই ক্যাচ নেওয়ার প্রশংসা করেছেন উইলিয়ামসন। তবে এই ম্যাচে নিজেদের ফিল্ডিংটা মনোপুত হয়নি অধিনায়কের। তিনি বলেছেন, ‘আমরা কিছু ক্যাচ ফেলেছি এবং আমাদের সেরা ফিল্ডিং ছিল না। কিন্তু এটাই অসাধারণ এক সমাপ্তির দিকে এগিয়ে নিয়েছে ম্যাচকে এবং তা খুব ক্লোজ ম্যাচ ছিল। এসব ম্যাচ আসলেই দারুণ এবং আমরা ভাগ্যবান যে ফলাফলের ইতিবাচক দিকেই আমরা আছি। দুর্দান্ত ম্যাচ ছিল কিন্তু সেখানে আমাদের শেখার অনেক কিছু ছিল।’
