চোটের তালিকায় এবার মিরাজ

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:২০

স্পোর্টস রিপোর্টার, সাউদাম্পটন (ইংল্যান্ড) থেকে

চোটের তালিকায় এবার নাম লিখিয়েছেন মিরাজ। তার মাথার ডানপাশে বলের আঘাত লেগেছে। গতকাল রবিবার সাউদাম্পটনের রোজ বোল ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় ঘটে এ বিপত্তি। মিরাজ গ্যালারির পাশে দাঁড়িয়ে একটি বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাত্কার দিচ্ছিলেন। তখন নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন সাব্বির। সাব্বিরের একটি ড্রাইভ উড়ে এসে গ্যালারির চেয়ারে ধাক্কা খেয়ে মিরাজের মাথায় আঘাত করে। এরপর দ্রুত মিরাজকে ড্রেসিং রুমে নিয়ে শুশ্রূষা করা হয়। তবে মিরাজের আঘাত তেমন গুরুতর নয় বলেই জানিয়েছেন দলের প্রধান কোচ স্টিভ রোডস।

গতকাল সংবাদ সম্মেলনে মিরাজের অবস্থা জানতে চাওয়া হলে কোচ বলেন, ‘চোট কতটা তীব্র সেটা ফিজিও বলতে পারবেন। আমরা ফিজিওর রিপোর্টের অপেক্ষায় আছি। তবে আঘাত ততটা গুরুতর নয় বলেই মনে হচ্ছে।’

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ হাসান জানান, মিরাজ ব্যাটিং অনুশীলন করার জন্য মাঠে গিয়েছিলেন। এসময় একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাত্কার দেয়ার সময় দুর্ঘটনা ঘটে। মাথায় আঘাত পাওয়ার কারণে গতকাল ব্যাটিং অনুশীলন আর করেননি এই অফস্পিনার।