স্পোর্টস রিপোর্টার
অনেকেই বলেন ফুটবলের স্বপ্নের দেশ ব্রাজিল। একবার যারা সে দেশটি দেখার সুযোগ পেয়েছেন তারা কখনোই ভুলতে পারেন না। সেই ফুটবলের দেশে বাংলাদেশের চার কিশোর যাচ্ছেন প্রশিক্ষণ নিতে। ওমর ফারুক মিঠু, জোগেন লাকরা, নাজমুল আকন্দ এবং লতিফুর রহমান নাহিদ ভাগ্যবান চারজন। আগামীকাল রাতে ঢাকা ছাড়বেন এ চার কিশোর ফুটবলার। সঙ্গে কোচ আব্দুর রাজ্জাক এবং বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সাবেক তারকা ফুটবলার খন্দকার রকিব আহমেদ। তিনি পুরো বিষয়টি মনিটরিং করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) থেকে বাছাইকৃতরা এক মাসের প্রশিক্ষণ নেবেন।
ঢাকা থেকে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় গামা স্পোর্টস ক্লাব একাডেমিতে প্রশিক্ষণ হবে। পাশাপাশি ফুটবলের বিভিন্ন কার্যক্রমেও অংশগ্রহণের সুযোগ থাকবে।
কোচ আব্দুর রাজ্জাক বলেন, ‘তরুণ ফুটবলারদের ব্রাজিলে প্রশিক্ষণের ব্যাপারে আসলাম ভাইয়ের বড় অবদান।’ শেখ মো. আসলাম ঢাকার ব্রাজিলের রাষ্ট্রদূত হোয়াও তাবাজারা ডি অলিভিরার মাধ্যমে কিংবদন্তি ফুটবলার পেলের দেশে প্রশিক্ষণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ক্রীড়া মন্ত্রণালয় ও ব্রাজিল রাষ্ট্রদূত বৈঠকে বসে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পৃক্ত হয়। খেলোয়াড়দের পাঠানোর ব্যাপারে নানা জটিলতা তৈরি হলেও দুই মন্ত্রণালয় খেলোয়াড়দের পাঠানোর ব্যাপারে গভীরভাবে কাজ করে। দূর হয় অনিশ্চয়তা। পুরো খরচ দিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজ দুপুরে চার ফুটবলার এবং কোচকে বাফুফেতে আমন্ত্রণ জানিয়েছে। শুরুর উদ্যোগটা আসলাম নিলেও তার যাওয়া হচ্ছে না। স্ত্রী মোনা মারজানকে নিয়ে আসলাম হজ পালন করতে যাচ্ছেন।
