বাগমারায় আওয়ামী লীগ নেতাকে চাঁদা না দেওয়ায় হামলা, ২৫ শ্রমিক আহত

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:২৬

রাজশাহীর বাগমারায় এলজিইডির রাস্তায় কাজ করার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকে চাঁদা না দেওয়ায় তার লোকজন শ্রমিকদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। তাদের হামলায় রাস্তায় কর্মরত ২৫ শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত শ্রমিকদের বাড়ি নাটোর বলে জানা গেছে। তবে আওয়ামী লীগ নেতা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার পর থেকেই রাস্তার কাজ বন্ধ রয়েছে।

উপজেলা এলজিইডির অফিস সূত্রে জানা যায়, বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নের খালিশপুর গ্রাম থেকে আত্রাই উপজেলার পাইকড়া পর্যন্ত এলজিইডির রাস্তার কার্পেটিং-এর কাজ চলছিল। শনিবার বিকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজার কর্মী ইনতাজ আলীর ছেলে রুবেল হোসেন (৩৫) বালু তোলা ইঞ্জিনচালিত শ্যালোর গাড়ি (কাঁকড়া) নিয়ে কার্পেটিং-এর কাজ চলা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেন। শ্রমিকেরা রুবেলকে একটু দাঁড়ানোর অনুরোধ করলে তিনি শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রুবেল হোসেন বিষয়টি রেজাউলকে ফোনে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ‘পেটানোর’ নির্দেশ দেন। রুবেল তার লোকজন নিয়ে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়েন। শ্রমিকেরা প্রাণভয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন এবং পার্শ্ববর্তী বাবুল হোসেনের বাড়িতে আশ্রয় নেন। সেখানেও তারা হামলা চালিয়ে বাড়িঘরের দরজা ভেঙে শ্রমিকদের বেধড়ক মারপিট শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকদের উদ্ধার করে।