পাসপোর্ট পেলেন ‘ক্যাসিনো সম্রাট’

আপডেট : ০১ জুন ২০২৩, ১৩:২২

ঢাকায় ক্যাসিনো ব্যবসার মূলহোতা হিসেবে পরিচিত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট পাসপোর্ট পেয়েছেন। চিকিৎসার জন্য তাকে বিদেশ যাওয়ার অনুমতিও দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ জুন) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম দুই মাসের জন্য সম্রাটকে পাসপোর্ট দেওয়া ও বিদেশে যাওয়ার অনুমতির আদেশ দেন।

দুই মাসের জন্য সম্রাটের জিম্মায় পাসপোর্ট দিয়েছেন আদালত। এছাড়া চিকিৎসা করাতে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি।

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাটের আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ৬ জুলাই পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এছাড়া সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেন আদালত।

এ বিষয়ে সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা বলেন, এখন আর সম্রাটের বিদেশ যাওয়ার বাধা নেই।

ইত্তেফাক/আরএজে