ফাইনালে হারায় রেফারির ওপর আক্রমণ

আপডেট : ০২ জুন ২০২৩, ২০:৫১

ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে টাইব্রেকারে হেরেছে এএস রোমা। শিরোপা হারানোর দুঃখে রীতিমতো হিংস্র হয়ে উঠেছেন ইতালিয়ান ক্লাবটির সমর্থকরা। ফাইনাল ম্যাচের রেফারি অ্যান্থনি টেলর ও তার পরিবারের ওপর আক্রমণ চালিয়েছে রোমার সমর্থকরা। এই ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনাটা বুদাপেস্ট বিমানবন্দরের। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের বাইরে ইংলিশ রেফারি ও তার সঙ্গীদের ওপর চড়াও হয়েছেন রোমা সমর্থকেরা। আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে চেষ্টা করে যাচ্ছেন টেলর ও সঙ্গে থাকা অন্যরা। তাদের গায়ে পানি ছিটিয়ে দেওয়া হয়েছে, বোতল ছুড়ে মারা হয়েছে। এমনকি চেয়ার তুলেও আক্রমণ করা হয়েছে ইউরোপা লিগ ফাইনালের রেফারি ও তার পরিবারকে।

টেলর ও তার সঙ্গীদের সঙ্গে রোমা সমর্থকদের হাতাহাতি হতেও দেখা গেছে। এরপর নিরাপত্তাকর্মীদের সহায়তায় বিমানবন্দর ছেড়েছেন টেলর ও তার সঙ্গীরা।

এ ঘটনায় এক ইতালিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে টেলরের সঙ্গে এমন আচরণে নিন্দা জানিয়েছে ইংল্যান্ডের ম্যাচ অফিসিয়ালদের সংগঠন পিজিএমওএল।

ইউরোপা লিগের ফাইনালে ১৩টি কার্ড দেখিয়েছেন টেলর। যার মধ্যে সাতটি কার্ডই পেয়েছেন রোমার খেলোয়াড়রা। এসবের কোনোটাই আসলে রোমা সমর্থকদের গায়ে লাগতো না যদি তারা ফাইনালে জিততেন। কিন্তু হয়নি তা। শুরুতে এগিয়ে গিয়েও ১-১ সমতায় নির্ধারিত সময় শেষ করতে হয় তাদের। এরপর টাইব্রেকারে হেরে শিরোপা হারায় ইতালিয়ান ক্লাবটি।

এর আগে ম্যাচ শেষেই টেলরের ওপর চড়াও হয়েছিলেন রোমা কোচ জোসে মরিনহো। এখন আবার বুদাপেস্ট বিমানবন্দরে রোমা সমর্থকরা চড়াও হলেন রেফারির ওপর।

ইত্তেফাক/কেআর/