খুলনা অফিস
খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর ২০১৯ ব্যাচের ৭৭৩জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে নগরীর খালিশপুরস্থ নৌঘাঁটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। পরে তিনি কৃতী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির ভাষণে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, নৌবাহিনী জাতীয় ও আন্তর্জাতিক পরিণ্ডলে একটি আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনী হিসাবে পরিচিত ও প্রতিষ্ঠিত। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের নৌ বহরে যুক্ত হয়েছে আধুনিক যুদ্ধ জাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং আধুনিক সামরিক সরঞ্জামাদি। অন্যদিকে অবকাঠামো উন্নয়নে যুক্ত হয়েছে নতুন নতুন স্থাপনা, আধুনিক নৌঘাঁটি, প্রশাসনিক ভবনসহ নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ের মত বৃহত্ ও উন্নতমানের প্রশিক্ষণ স্থাপনা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী নৌপ্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল, খুলনা নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমডোর এম মোজাম্মেল হক এবং খুলনা ও যশোর অঞ্চলের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ নাবিকগণ ও নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
