ইত্তেফাক রিপোর্ট
সমাপ্ত হয়েছে ঢাকা সেনানিবাসস্থ শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজিত এসএজিসি ৪র্থ সায়েন্স ফেস্টিভ্যাল। গত শনিবার এ উত্সবে সমাপনী দিবসে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুদে গবেষকদের বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞান উত্সব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিজ্ঞান ক্লাবের প্রেসিডেন্ট ও মডারেটর এ বিজ্ঞান উত্সব সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রধান অতিথি মনোযোগসহকারে তা শোনেন এবং সংশ্লিষ্ট স্কুল-কলেজসমূহের শিক্ষার্থীদের আয়োজিত এধরনের বিজ্ঞান উত্সবের অগ্রগতি ও প্রদর্শিত বিভিন্ন স্টলসমূহ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
সমাপনী দিবসের উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ শহীদুজ্জামান খান, ঢাকা মহানগরীর খ্যাতনামা স্কুল-কলেজসহ ঢাকা সেনানিবাসস্থ বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী এ বিজ্ঞান উত্সবে উপস্থিত ছিলেন।
