কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদের পক্ষ হয়ে টাকা বিতরণের অভিযোগে নারী সমর্থককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
কক্সবাজার জেলা ডিবি পুলিশের ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন জানান, ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের খবর পেয়ে এক অভিযান চালানো হয়। অভিযানে শহরের বাহারছড়া স্কুলের বিপরীতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের বাড়ির সামনে একদল নারী নারকেল গাছ প্রতীকের পক্ষে একটি বিশেষ টোকেন প্রদানকালে বেশ কিছু টোকেন জব্দ করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি দেখে নারীরা টাকাসহ দ্রুত জসীমের বাড়িতে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দেন। ডিবি পুলিশ বাড়িটি ঘিরে রেখে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যাওয়ার পর বাড়িতে প্রবেশ করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাড়িতে প্রবেশের পরপর ঘটনাস্থলে পৌঁছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ, তার ভাই জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শালসহ অনেকেই। তারা বাড়িটির সামনের রাস্তায় অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, ভোটারদের নগদ টাকা প্রদানে টোকেন পেয়ে নির্বাচন আইনের ১৮ এর (ঘ) এর ৩১ ধারা মতে কহিনুর আকতার নামের এক সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একই অপরাধ না করার শর্তে প্রার্থীর মুচলেকা আদায় করা হয়েছে।
এ ঘটনাকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ সরকারদলীয় প্রার্থীর সাজানো ষড়যন্ত্র বলে দাবি করেন। তার অভিযোগ, নির্বাচনে তার প্রচারণায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। সুষ্ঠু পরিবেশ তৈরি দাবি জানান তিনি।
