সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার সোনালী ব্যাংক থেকে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধার ৯৯ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। ব্যাংকের ক্যাশিয়ার বলছেন তিনি টাকা দিয়েছেন। তবে তিনি কাকে দিয়েছেন সেটা তিনি বলতে পারছেন না। টাকা খুইয়ে আহজারি করছেন ওই বৃদ্ধা। রবিবার দুপুরে সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখায় এ ঘটনাটি ঘটে। এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর সঙ্গে সঙ্গে হৈ চৈ পড়ে যায় ব্যাংকে। বৃদ্ধা রোকেয়া বেগম সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকার মাসুম বিল্লাহর স্ত্রী।
ক্ষতিগ্রস্ত বৃদ্ধা রোকেয়া বেগম জানান, নিয়ম অনুযায়ী আমি ৯৯ হাজার টাকার চেকটি দিয়ে টোকেন নিয়ে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরে ক্যাশিয়ার আমার নাম ধরে ডেকে টোকেনটি নিয়ে নেন। পরে আমার হাতে তিনি কোনো টাকা দেননি। অথচ তিনি এখন বলছেন আমাকে নাকি টাকা দিয়েছেন।
ব্যাংকের ক্যাশ কর্মকর্তা মিজানুর রহমান জানান, আমি টাকা দিয়েছি। তবে ওই বৃদ্ধার টাকা কার হাতে দিয়েছেন তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। তবে এ বিষয়ে ব্যাংকের শাখা ব্যাপস্থাপক জানান, ঘটনার পর ব্যাংকের সিসি টিভির ফুটেজ চেক করে দেখা হচ্ছে। পরে বিষয়টি স্পষ্ট হবে ।
সাতক্ষীরা সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে বৃদ্ধা রোকেয়া বেগম থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
