নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাদ্রাসা ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে ধর্ষিতার মা ২২ জুন মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত ধর্ষক রাকিবকে আটক করেছে।
পুলিশ জানায়, ওই মাদ্রাসা ছাত্রী তার মায়ের সঙ্গে নাগেরচরে ভাড়া বাসায় থাকে। তার বাবা প্রবাসে থাকেন। একই বাড়িতে ভাড়া থাকে রাকিব (১৯) ও তার পরিবার। রাকিব প্রায় সময়ই ওই মেয়েটিকে মাদ্রাসায় যাতায়াতকালে পথে উত্ত্যক্ত করত। ২১ জুন রাতে রাকিব মেয়েটিকে ফুঁসলিয়ে তার ঘরে নিয়ে যায়। বাসায় সেদিন কেউ ছিল না। ওই বাসায় রাতভর তাকে আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে রাকিব। ভোরে মেয়েটি কৌশলে রাকিবের ঘর থেকে বের হয়ে বাসায় গিয়ে তার মাকে সব খুলে বলে। পরে ধর্ষিতার মা বাদী হয়ে রাকিবকে একমাত্র আসামি করে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন।
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটে আটক
এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জুয়েল মিয়া (২২) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সদর পৌরসভার ঝাউগড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জুয়েল ওই গ্রামের ইসমাইলের ছেলে। এই ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা দায়ের করেছেন।
মাদক নিয়ে মারামারি, ইয়াবাসহ আটক ১
শনিবার রাতে আড়াইহাজারের গোপালদী বাজারে মাদক ব্যবসায় আধিপত্য নিয়ে দুই ব্যক্তির মারামারির সময় পুলিশ রুবেল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অপর মাদক ব্যবসায়ী একই গ্রামের ইউনুছ আলীর ছেলে মামুন (২৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
