আমিনবাজারে বর্জ্য পুড়িয়ে বিদ্যুত্ উত্পাদন হবে ------ এলজিআরডি মন্ত্রী

আপডেট : ২৪ জুন ২০১৯, ০০:২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী  তাজুল ইসলাম জানিয়েছেন, ‘আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ’ প্রকল্পের আওতায় তিনটি প্ল্যান্ট স্থাপন করে বর্জ্য পুড়িয়ে বিদ্যুত্ উত্পাদন করা হবে। গতকাল রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এ প্রকল্পের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রায় ৮২৭ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। সম্পূর্ণ সরকারি অর্থায়নে তিন বছরে এ প্রকল্প বাস্তবায়িত হবে।

মন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় ৬৮ হাজার ২০০ বর্গমিটার জমিতে দৈনিক ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন তিনটি প্ল্যান্ট বরাদ্দ রাখা হয়েছে। যার মাধ্যমে বর্জ্য পুড়িয়ে বিদ্যুত্ উত্পাদন করা হবে। এছাড়া ১৩ হাজার ৬০০ বর্গমিটার জমিতে মেডিক্যাল বর্জ্য ও ১৬ হাজার বর্গমিটার জমিতে বর্জ্য রিসাইকেল ফ্যাসিলিটিজ স্থাপনের জন্য বরাদ্দ রাখা হয়েছে।