বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া মোড় এলাকার একটি ট্রান্সপোর্ট অফিসে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ধসে পড়েছে অফিসের দেয়াল। অফিসের সাটার ও মালামাল চূর্ণবিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার সময় ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। বিস্ফোরণে পাশের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।
আবাসিক এলাকার ভেতর একটি দোকানঘর ভাড়া নিয়ে ভারতীয় মাছের ট্রাকে থাকা ককসিটের ব্যবসা করতো স্থানীয় খড়িডাঙ্গা গ্রামের পিচ্চি লিটন ওরফে সোলা লিটন। পাশাপাশি সে আলিফ ট্রান্সপোর্ট নামক প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রাক ও ট্রেইলারের ভাড়া ব্যবসা করতো। ঘটনার পর থেকে পিচ্চি লিটন পলাতক। তাকে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
