সুইডেনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৩

আপডেট : ১১ জুন ২০২৩, ০৯:৩৩

সুইডেনের রাজধানী স্টকহোমে গুলিতে ১৫ বছরের এক কিশোর নিহত হয়েছে ও আহত হয়েছে তিনজন। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।  তবে গুলি চালানোর এই ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। খবর এএফপি। 

দেশটির পুলিশ জানায়, তারা সন্ধ্যার দিকে স্টকহোমের দক্ষিণের একটি এলাকার কাছে গোলাগুলির খবর পায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করা হয় এবং পাশে আহত অবস্থায় পড়ে ছিলেন আরও দুজন।

স্টকহোম পুলিশের মুখপাত্র টোয়ে হাগ এক বিবৃতিতে জানান, গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ছেলেটির বয়স ১৫ বছর। একই বয়সের আরেক কিশোর আহত হয়েছে। এ ছাড়া আহত অপর দুজনের মধ্যে একজন নারী(৪৫) ও  একজন পুরুষ(৬৫)। 

এ ঘটনার ঘণ্টাখানেক পর স্টকহোমের দক্ষিণাঞ্চলে একটি গাড়িকে ধাওয়া করে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে আটক হওয়া ব্যক্তিদের সঙ্গে এ ঘটনার সম্পৃক্ততা আছে কি না, তা নিশ্চিত করা হয়নি। পুলিশ জানিয়েছে, গুলির ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ সামনে রেখে তদন্ত শুরু হয়েছে।

এর আগে গত শুক্রবার স্টকহোমে দুটি পৃথক গুলির ঘটনা ঘটেছিল। এতে আহত হয়েছেন অন্তত তিনজন।

সুইডেনে সাম্প্রতিক বছরগুলোয় গোলাগুলির ঘটনা বেশ বেড়ে গেছে। সুইডিশ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশটিতে এমন ৩৯১টি গুলির ঘটনা নথিবদ্ধ করা হয়েছে।

ইত্তেফাক/এফএস